© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবারের কোরবানির ঈদে ফেনীর আকর্ষণ দানবীয় গরু ‘মকা’

শেয়ার করুন:
এবারের কোরবানির ঈদে ফেনীর আকর্ষণ দানবীয় গরু ‘মকা’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৯ পিএম | ১৬ মে, ২০২৬
আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে ফেনী জেলার প্রধান আকর্ষণ হয়ে উঠেছে প্রায় ৩০ মন ওজনের দানবীয় এবং কফির মতো গাঢ় কালো রঙের গরু ‘মকা’। ফ্রিজিয়ান জাতের এই গরুটির উচ্চতা ৬ ফুট এবং দৈর্ঘ্য ১০ ফুট, যা দেখে প্রথম দর্শনেই চমকে উঠছেন দর্শনার্থীরা।

গরুটির আশ্চর্যজনক নাম শুনেই দেখতে যাচ্ছেন দর্শনার্থীরা। এক কলেজ শিক্ষার্থী বলেন, ‘শখের বসে দেখতে এসেছি। এসে আজব গরু দেখলাম। নামটাও আজব। এত বড় গরু আমি আর দেখি নাই।’

গরুটিকে বড় করা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার খাইয়ে। খামার মালিকের মতে, মকা প্রতিদিন দুই বেলা প্রায় ১২ থেকে ১৮ কেজি ভুষি সাবাড় করে। সঙ্গে থাকে খামারির নিজের জমির টাটকা নেপিয়ার ঘাস, চাল, ছোলা আর খৈল। এই বিশেষ যত্নেই অল্প সময়ে এমন দানবীয় ওজন হয়েছে তার।

খামারি ও মালিক বলেন, ‘ও আমার খামারে জন্মানো একটা গরু। চারবছর ধরে আছে আমার কাছে। নিজের জমির ঘাস খেয়ে ও বড় হয়েছে।’

এদিকে, খামারির শখের এই গরুটি এখন আলোচনার কেন্দ্রে। প্রতিদিন মানুষ ভিড় করছেন মকাকে এক নজর দেখতে। দর্শনার্থীদের মতে, এত বড় আর আজব নামের গরু তারা এর আগে আর দেখেননি।

মকাকে দেখতে যাওয়া আরেক দর্শনার্থী বলেন, ‘এত বড় গরু আমি আর দেখিনি। এটা ফেনী জেলার মধ্যে সবচেয়ে বড় গরু।’

ছেলের শখের এই মকাকে বিক্রির প্রস্তুতি নিচ্ছে পরিবার। একজন ভালো ক্রেতার হাতেতুলে দেয়ার ইচ্ছা খামারি মালিকের বাবার।

‘মকা’র মালিকের বাবা বলেন, ‘আমার ছেলে শখ করে গরুটিকে বড় করেছে। আমাদের আহামরি লাভের দরকার নেই, শুধু একটা ভালো দাম পেলেই আমরা খুশি।’
ফেনীর এই ‘মকা’ কত দামে বিক্রি হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

এসকে/টিকে

মন্তব্য করুন