© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে ফিরলো বিমানবাহী রণতরী ফোর্ড

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে ফিরলো বিমানবাহী রণতরী ফোর্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১০ এএম | ১৭ মে, ২০২৬
ইরান যুদ্ধ এবং ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সামরিক মিশনে অংশ নিয়ে দীর্ঘ এক বছর পর দেশে ফিরেছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। 

শনিবার (১৬ মে) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নেভাল স্টেশন নরফোক বন্দরে এসে পৌঁছায় বিশালাকৃতির এই রণতরীটি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

মার্কিন গণমাধ্যমটি জানিয়েছে, গত বছরের জুনে নরফোক বন্দর ত্যাগ করার পর টানা এক বছর সমুদ্রের বুকে কাটায় ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এই দীর্ঘ সময়ে রণতরীটি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক অভিযান এবং ইরান যুদ্ধের মতো বড় বড় আন্তর্জাতিক সামরিক সংঘাতে সরাসরি অংশ নেয়। এক বছরের এই দীর্ঘতম মিশনটি যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধ-পরবর্তী সময়ে যেকোনো রণতরীর দীর্ঘতম সমুদ্র মিশনের নতুন রেকর্ড গড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক সামরিক লক্ষ্য বাস্তবায়নে এই রণতরীটি প্রধান স্তম্ভ হিসেবে কাজ করেছে।

দীর্ঘ প্রতীক্ষার পর স্বজনদের ফিরে পাওয়ার আনন্দে নরফোক বন্দরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রণতরীটিকে স্বাগত জানাতে সেখানে জড়ো হন জাহাজে থাকা নাবিকদের পরিবারের সদস্যরা। জাহাজটি ঘাটে ভিড়লে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং জাহাজে থাকা নাবিকরাও হাত নেড়ে তার জবাব দেন। 


পরিবারগুলোর সঙ্গে নাবিকদের স্বাগত জানাতে নরফোক বন্দরে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগেসেথ। তিনি বলেন, ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং এসব ডেস্ট্রয়ার আন্তর্জাতিক অঙ্গনে যা করেছে, তা ছিল এককথায় অসাধারণ ও অভূতপূর্ব।

মিশনের শুরুতে ইউএসএস ফোর্ড ভূমধ্যসাগরে অবস্থান নিলেও পরে সেটিকে ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয় ভেনেজুয়েলা অভিযানে অংশ নেওয়ার জন্য। এরপর ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হলে জাহাজটি আবার ভূমধ্যসাগর হয়ে সুয়েজ খাল অতিক্রম করে এবং মার্চের শুরুতে লোহিত সাগরে প্রবেশ করে। দীর্ঘ এই মিশনে রণতরীটিকে বেশ কিছু যান্ত্রিক ও অভ্যন্তরীণ সমস্যার মুখোমুখিও হতে হয়েছে। এর মধ্যে একটি লন্ড্রি কক্ষে অগ্নিকাণ্ড এবং বারবার প্লাম্বিং সমস্যার কারণে জাহাজটিকে পুনরায় ভূমধ্যসাগরে ফিরে গিয়ে জরুরি মেরামত করতে হয়।

গত মাসের শেষের দিকে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ ভূমধ্যসাগরে পৌঁছানোর পর মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন ছিল, যা ২০০৩ সালের পর এবারই প্রথম। এর আগে জানুয়ারি থেকে সেখানে অবস্থান করছিল ইউএসএস আব্রাহাম লিংকন। এবার ফোর্ড দেশে ফিরে আসায় মধ্যপ্রাচ্যের মার্কিন নৌবহরে কিছুটা রদবদল আসবে বলে ধারণা করা হচ্ছে। 

টিজে/টিকে

মন্তব্য করুন