© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বলিভিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, আটক ৫৭

শেয়ার করুন:
বলিভিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, আটক ৫৭

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২১ পিএম | ১৭ মে, ২০২৬
বলিভিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশটিতে অস্থিরতা বাড়ছে।

মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, খনি শ্রমিক, আদিবাসী গোষ্ঠী, শিক্ষক, শিক্ষার্থী ও শ্রমিকরা প্রশাসনিক রাজধানী লা পাজের আশপাশে জড়ো হয়ে সড়ক অবরোধ করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর আনাদোলুর। 

দেশটির সরকারের তথ্য অনুযায়ী, অবরোধের কারণে হাসপাতালগুলোতে পৌঁছাতে না পারায় তিনজনের মৃত্যু হয়েছে। সহিংস পরিস্থিতিতে জড়িত থাকার অভিযোগে ৫৭ জনকে আটক করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে, অন্যদিকে বিক্ষোভকারীরা পাথর ও মলোটভ ককটেল নিক্ষেপ করে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।

সরকারের মুখপাত্র হোসে লুইস গালভেজ বলেন, সাড়ে তিন হাজার পুলিশ ও সেনাসদস্য নিয়ে যৌথ অভিযান চালিয়ে ব্যারিকেড সরানো হয়েছে।
গালভেজ জানান, এই অভিযানের লক্ষ্য ছিল খাদ্য, চিকিৎসা সামগ্রী ও অক্সিজেন সরবরাহ হাসপাতালগুলোতে পুনরায় স্বাভাবিক করা।

এদিকে পারাগুয়ে, আর্জেন্টিনা, চিলি, পেরু, ইকুয়েডর, কোস্টারিকা, পানামা ও হন্ডুরাস বলিভিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সহিংসতা প্রত্যাখ্যান করেছে।

দেশটিতে জ্বালানি সংকট, উচ্চ মূল্যস্ফীতি, ডলারের অভাব এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক দুরবস্থাকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে খনি শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলো বিক্ষোভ চালিয়ে আসছে।

কেএন/টিকে

মন্তব্য করুন