ভারতীয় উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ফের বাড়ালো পাকিস্তান
ছবি: সংগৃহীত
১২:২৪ এএম | ২০ নভেম্বর, ২০২৬
ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এক নতুন বিমান চলাচল বিজ্ঞপ্তিতে (নোটাম) জানিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতে নিবন্ধিত কোনো বাণিজ্যিক বা সামরিক উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ভারতীয় যাত্রীবাহী জেটও এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। ওই হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে ভারত। ইসলামাবাদ তা অস্বীকার করে ঘটনার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানায়।
ওই উত্তেজনার মধ্যে ২০২৫ সালের ২৩ এপ্রিল ভারতীয় উড়োজাহাজের জন্য প্রথম দফায় আকাশসীমা বন্ধ করে পাকিস্তান। এর জবাবে একই বছরের ৩০ এপ্রিল পাকিস্তানি বিমান সংস্থাগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে ভারত।
গত বছরের ৬ ও ৭ মে পাকিস্তানের কয়েকটি শহরে ভারতের হামলার পর সংঘাত আরও তীব্র হয়। পরে পাকিস্তান অপারেশন বুনিয়ানুম মারসুস নামে পাল্টা সামরিক অভিযান চালায়। প্রায় ৮৭ ঘণ্টার সংঘাতের পর ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। যুদ্ধবিরতির পরও আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ বহাল থাকে।
প্রতিবেদনে বলা হয়েছে, আকাশসীমা বন্ধের আর্থিক প্রভাব পাকিস্তানের তুলনায় ভারতের বিমান পরিবহন খাতে বেশি পড়েছে। এর আগেও ১৯৯৯ সালে কারগিল সংঘাত এবং ২০১৯ সালে পুলওয়ামা সংকটের সময় একই ধরনের বিধিনিষেধ আরোপ করেছিল পাকিস্তান। সে সময়ও ফ্লাইট পরিচালনায় তুলনামূলক বেশি সমস্যায় পড়েছিল ভারতীয় বিমান সংস্থাগুলো।
একেএস