৩২ বার এভারেস্ট জয় করে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন কামি রিতা
ছবি: সংগৃহীত
০৪:২৯ পিএম | ১৭ মে, ২০২৬
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ৩২ বার আরোহণ করে নিজের গড়া বিশ্বরেকর্ড আরও বাড়িয়েছেন কিংবদন্তি নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা।
সংবাদমাধ্যম নেপাল নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রোববার (১৭ মে) সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। এর মধ্য দিয়ে সর্বোচ্চবার এভারেস্ট জয়ের ক্ষেত্রে নিজের আগের রেকর্ড আবারও ভাঙলেন কামি রিতা। সফল আরোহণ শেষে বর্তমানে তিনি এভারেস্ট বেস ক্যাম্পের দিকে নেমে আসছেন বলে জানা গেছে।
১৯৭০ সালের জানুয়ারিতে জন্ম নেওয়া কামি রিতা দীর্ঘদিন ধরেই সবচেয়ে বেশি বার এভারেস্ট জয়ী পর্বতারোহীর রেকর্ড ধরে রেখেছেন। সর্বশেষ ২০২৫ সালের ২৭ মে তিনি ৩১তম বার এভারেস্টে আরোহণ করেন। এর মাধ্যমে আগের বছর গড়া নিজের রেকর্ড ভেঙেছিলেন তিনি।
পর্বতারোহণ যেন তার পারিবারিক ঐতিহ্যের অংশ। নেপাল সরকার ১৯৫০-এর দশকে বিদেশি পর্বতারোহীদের জন্য মাউন্ট এভারেস্ট উন্মুক্ত করার পর তার বাবা প্রথম দিকের পেশাদার শেরপা গাইডদের একজন হিসেবে কাজ করেন।
সর্বশেষ এই ঐতিহাসিক সাফল্যের পর অভিজ্ঞ এই পর্বতারোহীকে দেশে স্বাগত জানাতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রস্তুতি শুরু হয়েছে।
এসএ/টিকে