© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে: মোদি

শেয়ার করুন:
ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে: মোদি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৯ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে’- এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে গত ১৩ বছরে ভারতের অগ্রগতির চিত্র তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে কংগ্রেসের নেতৃত্বাধীন আগের ইউপিএ সরকারকেও কটাক্ষ করেছেন মোদি।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, জনপ্রিয় ভিডিও গেম জিটিএ-৬ মুক্তির বিষয়টিকে কাজে লাগিয়ে গত ১৩ বছরে ভারতের অগ্রগতির চিত্র তুলে ধরেছেন নরেন্দ্র মোদি। তার সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টে দেখানো হয়েছে, ২০১৩ সালে জিটিএ-৫ মুক্তির পর থেকে জিটিএ-৬ আসা পর্যন্ত ভারত কীভাবে এগিয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে।’

পোস্টের সঙ্গে দেয়া একাধিক ছবিতে গত এক দশকে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমে আসাসহ ভারতের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে কংগ্রেসের নেতৃত্বাধীন আগের ইউপিএ সরকারের দিকেও কটাক্ষ করা হয়েছে। পোস্টের ছবিগুলোতে ব্যবহার করা হয়েছে ‘প্রাইসডাউন’ ফন্ট। জিটিএ গেম সিরিজের প্রচ্ছদ ও প্রচারণায় এই মোটা ও নজরকাড়া ফন্টের ব্যবহার বিশেষভাবে পরিচিত।

পোস্টে বলা হয়েছে, একসময় ‘ফ্র্যাজাইল ফাইভ’ বা ঝুঁকিপূর্ণ পাঁচ অর্থনীতির একটি হিসেবে পরিচিত ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিতে পরিণত হয়েছে। ২০১৩ সালের আগস্টে মরগান স্ট্যানলির এক বিশ্লেষক ‘ফ্র্যাজাইল ফাইভ’ শব্দটি ব্যবহার করেন।

বিদেশি পুঁজির প্রবাহের ওপর অতিরিক্ত নির্ভরশীল এবং বৈশ্বিক আর্থিক পরিস্থিতির পরিবর্তনে ঝুঁকিতে থাকা পাঁচটি উদীয়মান অর্থনীতিকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়েছিল। দেশগুলো হলো ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। এখন আর এই তালিকায় ভারতের নাম নেই।

মোদির পোস্টে ভারতের অন্যান্য অর্জনের মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা, সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় ব্যাপক উন্নতি, মহাকাশ প্রযুক্তি খাতে দেশটিতে নিবন্ধিত ৪৪০টি স্টার্টআপ এবং বিদ্যুতায়নের ক্ষেত্রে অগ্রগতি।

এসএ/

মন্তব্য করুন