হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত
১১:০৩ এএম | ২০ নভেম্বর, ২০২৬
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া একটি প্রজেক্টাইল সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে আঘাত হেনেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে’ হুতিদের হামলায় ৮০ তলা ভবনটির সাত থেকে আট তলার জানালা ভেঙে গেছে।
সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দফতর ভবনটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে ভবনটির বেশ কয়েকটি তলা ও পার্শ্ববর্তী স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে সৌদি আরব।
হামলার পরপরই নিরাপত্তার স্বার্থে আর্থিক কেন্দ্রের প্রবেশপথগুলো বন্ধ করে দেয়া হয়। ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণকর্মী মোতায়েন করা হয়। জরুরি উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
সৌদি সিভিল ডিফেন্সের মুখপাত্র বলেন, বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। হুতিদের এ ধরনের কর্মকাণ্ড বেসামরিক অবকাঠামোর জন্য গুরুতর হুমকি তৈরি করছে।
রিয়াদের আর্থিক কেন্দ্রে দুই সপ্তাহের কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় বড় স্থাপনায় হামলার ঘটনা। এর আগে গত ৮ নভেম্বর সৌদি আরামকোর একটি ভবনে হামলায় ক্ষয়ক্ষতি হয়েছিল।
সূত্র: গালফ নিউজ
এমআই/