© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়াকে উপহার দেওয়া ‘কালো মানিক’ এবার কুরবানির হাটে

শেয়ার করুন:
খালেদা জিয়াকে উপহার দেওয়া ‘কালো মানিক’ এবার কুরবানির হাটে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৫ পিএম | ১৮ মে, ২০২৬
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের খামারি সোহাগ মৃধার বাড়িতে এখন প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। কারণ সেখানে রয়েছে বিশাল আকৃতির আলোচিত ষাঁড় ‘কালো মানিক’, যা একসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উপহার দেওয়া হয়েছিল।

প্রায় ৪৫ মণ ওজনের এই ষাঁড়টি এবার কুরবানির জন্য বিক্রি করতে চান সোহাগ মৃধা। এর দাম চাওয়া হয়েছে ২২ লাখ টাকা।

প্রায় ১২ ফুট লম্বা ও ৬ ফুট উঁচু ‘কালো মানিক’কে দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ আবার বিস্ময় নিয়ে দেখছেন বিশাল আকৃতির গরুটি। স্থানীয় এলাকাতেও এটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

খামারি সোহাগ মৃধা জানান, প্রায় সাত বছর ধরে সন্তানের মতো করেই তিনি ‘কালো মানিক’কে লালন-পালন করেছেন। ২০১৮ সালে স্থানীয় চৈতা বাজার থেকে এক লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কেনেন তিনি। পরে সেই গাভির জন্ম দেওয়া বাছুরটিকেই যত্নে বড় করতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে বাছুরটি বিশাল আকার ধারণ করলে তার নাম রাখা হয় ‘কালো মানিক’।

সোহাগ মৃধার ভাষ্য, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে দানাদার খাবার খাইয়ে গরুটিকে বড় করা হয়েছে। প্রতিদিন এর পেছনে প্রায় এক হাজার থেকে ১২০০ টাকা পর্যন্ত খরচ হয়। তিনি বলেন, ‘ভালো দাম পেলে এবার গরুটি বিক্রি করব।’

তিনি আরও জানান, গত বছরের ৫ জুন ‘কালো মানিক’কে উপহার হিসেবে ঢাকায় নেওয়া হয়েছিল খালেদা জিয়ার জন্য। পরে তিনি গরুটি গ্রহণ করলেও সেটি পরিবারের আর্থিক সচ্ছলতায় কাজে লাগানোর পরামর্শ দেন।

সোহাগের স্ত্রী সুলতানা বেগম বলেন, অনেক যত্ন ও মায়া দিয়ে গরুটিকে বড় করা হয়েছে। এখন তারা আশা করছেন, কুরবানির বাজারে গরুটির উপযুক্ত মূল্য পাওয়া যাবে।


ইউটি/টিএ

মন্তব্য করুন