© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

শেয়ার করুন:
সিলেটে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৫ পিএম | ১৮ মে, ২০২৬
সিলেট-তামাবিল মহাসড়কে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে জৈন্তাপুর উপজেলার হেমু এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাংলাদেশের পতাকা ও দলীয় ব্যানার হাতে স্লোগান দিতে দিতে মহাসড়কে মিছিল করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে অন্তত ১৫-২০ জন অংশ নেন। সে সময় সড়ক তুলনামূলক ফাঁকা ছিল।

দলটির সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘স্বদেশ প্রত্যাবর্তন মিছিল’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

ব্যানারে লেখা ছিল, ‘দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায় বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে—স্বদেশ প্রত্যাবর্তন মিছিল।’

ব্যানারের এক পাশে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের ছবি এবং অন্য পাশে নিষিদ্ধ সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলামের ছবি দেখা যায়। ব্যানারের নিচে লেখা ছিল, ‘মো. নাজমুল ইসলাম, সভাপতি, সিলেট জেলা ছাত্রলীগ। একাধিক সূত্রে জানা গেছে, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে এমসি কলেজ ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, জৈন্তাপুর উপজেলার হেমু দাউদপাড়া গ্রামের রুমেল আহমদ, শ্যামপুর গ্রামের এস কে শাহীন আলম, শেখ সাইফুল ইসলাম ও শিকারখাঁ গ্রামের ফাহিম আহমদের নাম রয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, মিছিলটি ঠিক কোন এলাকায় হয়েছে, তা নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। তবে ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।


ইউটি/টিএ

মন্তব্য করুন