মার্কিন পতাকায় আবৃত উপসাগরীয় অঞ্চল, বিতর্কিত ছবিতে কীসের ইঙ্গিত দিলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত
০২:১২ এএম | ১৯ মে, ২০২৬
ইরান যুদ্ধ বন্ধের আলোচনা যখন একপ্রকার স্থবির হয়ে পড়েছে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা বাড়িয়েই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে খোঁচা দিয়ে একের পর এক পোস্ট করে চলেছেন তিনি। এর মধ্যে একটি পোস্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ইরানি নৌকায় ক্ষেপণাস্ত্র হামলা, মহাকাশ যুদ্ধ ও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পতাকাসংবলিত বেশ কয়েকটা ছবি দিয়েছেন।
কয়েক ঘণ্টার ব্যবধানে ট্রাম্পের পোস্ট করা প্রায় ২০টির মতো ছবি বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, হয়ত ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ আরও জোরদার করার বার্তাই দিচ্ছেন তিনি। তার পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, ইরানের মানচিত্রের ওপর একটি আমেরিকান পতাকা জুড়ে দেওয়া হয়েছে এবং চারদিক থেকে তিরচিহ্নগুলো এই ইসলামিক প্রজাতন্ত্রের দিকে তাক করা রয়েছে।
অপর এক ছবিতে দেখা যায়, একটি মার্কিন ড্রোন ইরানের দ্রুতগামী নৌকায় আঘাত করছে। এর সঙ্গে ক্যাপশন দেয়া হয়েছে, ‘বাই বাই, ফাস্ট বোটস’ বা বিদায়, দ্রুতগামী নৌকা। মার্কিন প্রেসিডেন্ট একটি ভিডিও-ও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, একটি মার্কিন যুদ্ধজাহাজ ইরানের একটি যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানিয়েছে এবং পাশে তার নিজের একটি ক্লিপ যুক্ত রয়েছে। পাঁচ সেকেন্ডের এই ক্লিপে ট্রাম্পকে একটি টেবিলে চাপড়াতে দেখা যায়, যেন তিনি কম্পিউটারে কিছু টাইপ করছেন এবং বলছেন, ‘বা বা বা বা...ফায়ার, বুম।’
প্রেসিডেন্ট ট্রাম্প ‘স্পেস ফোর্স’ শিরোনামের নিচে মহাকাশে নিজের একটি ছবিও পোস্ট করেছেন। সেটিতে দেখা যাচ্ছে, তিনি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পরিবেষ্টিত হয়ে কক্ষপথ থেকে ক্ষেপণাস্ত্র হামলা তদারকি করছেন।
অন্য একটি ছবিতে ট্রাম্পকে একটি মহাকাশযানের ‘কিল বাটন’ (ধ্বংস করার বোতাম) চাপতে দেখা যায়, যার ব্যাকগ্রাউন্ডে থাকা একাধিক স্ক্রিনে ক্ষেপণাস্ত্র হামলা এবং একটি পারমাণবিক বিস্ফোরণের মতো দৃশ্য দেখা যাচ্ছে।
ইরানকে ট্রাম্পের নতুন সতর্কবার্তা দেওয়ার পর এই সর্বশেষ অনলাইন আক্রমণটি এল। ট্রাম্প বলেছেন, ইরানকে দ্রুত একটি শান্তিচুক্তিতে আসতে হবে। অন্যথায় ‘তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না’।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে হুমকি দিয়ে লিখেছেন, ‘ইরানের জন্য সময় শেষ হয়ে আসছে। তাদের আরও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, খুব দ্রুত, অন্যথায় তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময় অত্যন্ত মূল্যবান।’
সূত্র: এনডিটিভি
এসকে/টিএ