আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’
ছবি: সংগৃহীত
০৪:২৭ পিএম | ১৯ মে, ২০২৬
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বরিশালে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘রিকিশি’ নামের একটি বিশাল আকৃতির গরু। ৯০ এর দশকের জনপ্রিয় রেসলিং তারকা রিকিশির সঙ্গে মিল রেখে গরুটির নাম রাখা হয়েছে ‘রিকিশি’। বিশাল দেহের কারণে ইতোমধ্যেই গরুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থীরা।
খামার সংশ্লিষ্টরা জানান, ফ্রিজিয়ান জাতের এই গরুটির ওজন প্রায় ১ হাজার ১০০ কেজি। প্রায় পাঁচ মাস আগে বরিশালের এমইপি এগ্রো খামারে আনা হয় গরুটিকে। এরপর থেকেই বিশেষ যত্নে পালন করা হচ্ছে তাকে।
রিকিশিকে প্রতিদিন দুইবার গোসল করানো হয়। তার পছন্দের খাবারের মধ্যে রয়েছে ঘাস ও ভুষি। প্রতিদিন খাবারের পেছনে ব্যয় হয় প্রায় ৯০০ থেকে ১ হাজার টাকা। পাশাপাশি গরুটিকে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হচ্ছে।
খামারের রাখাল শাহাদাত জানান, “অন্য গরুর তুলনায় রিকিশির যত্নও বেশি নেওয়া হয়। শান্ত স্বভাবের হওয়ায় দর্শনার্থীদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গরুটি।” এছাড়া এমইপি এগ্রোর ইনচার্জ রাফিউর রহমান অমি দাবি করেন, “এটি বরিশালের সবচেয়ে বড় গরুগুলোর একটি। কোরবানি ঈদ উপলক্ষে গরুটির দাম চাওয়া হচ্ছে প্রায় ৯ লাখ টাকা।”
জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর বরিশালে ৩৯ হাজার ১৫ জন খামারির কাছে কোরবানিযোগ্য পশু রয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৪৪৫টি। এর বিপরীতে চাহিদা রয়েছে ৪ লাখ ৭৮৩টি পশুর। ফলে জেলায় প্রায় ৬৭ হাজার ৬৬২টি পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে, বিশাল আকৃতির এ গরুটিকে এক নজর দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ খামারে ভিড় করছেন।
টিজে/টিএ