কী কারণে দল ঘোষণায় বিলম্ব করছেন আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি?
ছবি: সংগৃহীত
০৩:১৭ পিএম | ২০ মে, ২০২৬
প্রতিদিনই কোনো না কোনো দল আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করছে। গত ১৮ মে নেইমারকে নিয়ে ব্রাজিল এবং গতকাল (১৯ মে) ক্রিস্টিয়ানো রোনালদোকে কেন্দ্র করে পর্তুগাল বিশ্বকাপের দল ঘোষণা করেছে। অন্যদিকে, আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াড এখনো রহস্যেই ঘেরা।
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার ডেডলাইন ৩০ জুন। ক্লাসের সবার শেষে অ্যাসাইনমেন্ট জমা দেয়া ছাত্রটার মতোই স্কোয়াড ঘোষণায় বিলম্ব করছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তুন এদুল জানিয়েছেন, এই ৪৮ বছর বয়সী কোচ শেষ মুহূর্ত পর্যন্ত একাধিক খেলোয়াড়কে পর্যবেক্ষণ করছেন এবং এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত দল ঘোষণা করবেন, যে দল নিয়ে টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
বিশ্বচ্যাম্পিয়ন দলের কোচিং স্টাফ এখন আর্জেন্টিনায় অবস্থান করছে এবং তারা আগামী সপ্তাহের প্রশিক্ষণ ক্যাম্পের জন্য এএফএ কমপ্লেক্সে (এজেইজা) প্রস্তুতি নিচ্ছে। এদুল জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে তারা প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে ৩৫ জন খেলোয়াড়কে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করেছে এবং তাদের ক্লাবগুলোকেও জানানো হয়েছে। এই সংখ্যা কিছুটা বিস্ময়কর হলেও যুক্তিসঙ্গত। শুরুতে দুইটি আলাদা দল গঠনের পরিকল্পনা ছিল: একটি বিস্তৃত দল প্রীতি ম্যাচের জন্য (৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে) এবং আরেকটি চূড়ান্ত দল বিশ্বকাপের জন্য। তবে সেই পরিকল্পনা এখন বাতিল করা হয়েছে। এখন শুধু একটি তালিকাই থাকবে, এবং সেটিই হবে চূড়ান্ত দল।
তবে যাদের ডাকা হয়েছে তাদের সবাই বুয়েনোস আইরেসে যাবে না। শুধু যারা চূড়ান্ত দলে জায়গা পাবে, তারাই ক্যাম্পে যোগ দেবে। বাকি প্রায় একটি পূর্ণ স্কোয়াডের খেলোয়াড়রা অপেক্ষায় থাকবে, শেষ মুহূর্তের কোনো পরিবর্তন হলে ডাকা হতে পারে। স্কালোনি ২০২২ কাতার বিশ্বকাপের আগের পরিস্থিতির মতো কোনো ঝুঁকি নিতে চান না, যখন ইনজুরির কারণে হঠাৎ করে হোয়াকিন কোরেয়া এবং নিকোলাস গনজালেসকে বাদ দিতে হয়েছিল এবং তাদের পরিবর্তে থিয়াগো আলমাদা ও অ্যানহেল কোরেয়াকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
জানা গেছে, চূড়ান্ত স্কোয়াড তালিকা খুব শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে, এবং সাধারণভাবে বলা যায় এই তালিকার বেশিরভাগ নামই প্রায় নিশ্চিত। তবে কিছু নির্দিষ্ট অবস্থান ও খেলোয়াড় নিয়ে এখনো সংশয় রয়েছে। বিশেষ করে রক্ষণভাগে একটি অনিশ্চয়তা এখনও আছে। স্ক্যালোনি স্কোয়াডে আটজনের পরিবর্তে নয়জন ডিফেন্ডার নিতে চান, কারণ ডানদিকে খেলা দুই ফুলব্যাক নাহুয়েল মলিনা এবং গনসালো মন্টিয়েল সাম্প্রতিক মাংসপেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন এবং তাদের খুব সতর্কভাবে পরিচালনা করা হচ্ছে।
অ্যাটাকিং মিডফিল্ডেও জমজমাট প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, যেখানে পজিশনের তুলনায় প্রার্থী অনেক বেশি। জিওভান্নি লো সেলসো, ভ্যালেন্তিন বারকো, ফ্রাঙ্কো মাস্তানতুয়নো, ম্যাক্সিমো পেরোনে, গিয়ালুকা প্রেস্তিয়ান্নি (যিনি ইউরোপীয় নিষেধাজ্ঞার কারণে প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না, যা ফিফাতেও প্রযোজ্য হয়েছে), এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং মাতিয়াস সুলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মাত্র দুটি জায়গার জন্য।
তবে সবকিছু ইঙ্গিত দিচ্ছে যে লো সেলসো এবং ‘কোলো’ (বারকো) এগিয়ে আছেন, একজন তার অভিজ্ঞতার কারণে এবং অন্যজন ফ্রান্সে তার পারফরম্যান্স ও সাম্প্রতিক প্রীতি ম্যাচে (লা বোম্বোনেরায় জিম্বাবুয়ের বিপক্ষে একটি গোলসহ) ভালো খেলার জন্য। তবে শেষ মুহূর্তে কোনো ‘ডার্ক হর্স’ দলে ঢুকে পড়লে অবাক হওয়ার কিছু থাকবে না, সম্ভবত তিনি হতে পারেন ইউরোপে খেলা কোনো উইঙ্গার (প্রেস্তিয়ান্নি)।
বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন ভ্যালেন্তিন বারকো।
এদিকে নজরে আছেন অ্যাস্টন ভিলার তারকা এমিলিয়ানো বুয়েন্দিয়া ও রোমার গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাতিয়াস সুলেও, যারা দলে জায়গা পাওয়ার জন্য লড়াই করছেন।
একদম সামনে আক্রমণভাগে হোসে ম্যানুয়েল লোপেজ নিজের জায়গার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। ‘এল ফ্লাকো’ (লোপেজ) পালমেইরাসে দুর্দান্ত ফর্মে আছেন এবং পারফরম্যান্সে কোচের দৃষ্টি আকর্ষণ করেছেন । যদি শেষ পর্যন্ত তাকে দলে নেওয়া হয়, তাহলে রক্ষণভাগের একটি জায়গা খালি করতে হতে পারে। পরিস্থিতি বলছে দরজা এখনো সবার জন্যই খোলা, তবে খুব বেশি সময় খোলা থাকবে না।
এবি/টিএ