গণমাধ্যম কমিশন গঠনে শিগগিরই পরামর্শক কমিটি হবে: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৫:২৭ পিএম | ২০ মে, ২০২৬
গণমাধ্যম কমিশন গঠনে শিগগিরই একটি পরামর্শক কমিটি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (২০ মে) বিকেলে রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকতায় বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা নিরসনে সমস্ত আশঙ্কা দূর করতে কাজ করছে সরকার।’
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘জনগণের মত প্রকাশে বাঁধা দেয়ার মতো ঘটনা নিরসনে সরকার কাজ করছে। আগামী জুন-জুলাই নাগাদ এ বিষয়ে সমন্বিত উদ্যোগ নেয়া হবে।’
সরকার গণমাধ্যম কমিশন তৈরিতে যথাযথ পদক্ষেপ নিলে যুক্তরাজ্যকে পাশে পাবার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
তিনি বলেন, ‘গণমাধ্যম নিজেদের প্রতি দায়িত্বশীল হলে এবং সরকার তার পলিসির ব্যাপারে সচেতন হলে, তা গণমাধ্যমের জন্য ভালো প্রমাণিত হয়।’
অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীনতা ও ইতিবাচক সংস্কারের বিষয়ে জোর দেয়া হয়। এ সময় গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
এসকে/টিএ