বাসা থেকে কাজের নির্দেশ দিয়ে ৮ হাজার কর্মী ছাঁটাই করলো মেটা
ছবি: সংগৃহীত
০১:০৯ এএম | ২১ মে, ২০২৬
প্রথমে একটি সাধারণ নির্দেশনা দিয়ে বলা হয়—‘আজ বাসা থেকে কাজ করুন।’ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন অঞ্চলে কর্মীদের অফিসে না আসার নির্দেশ দেয়া হয়েছিল। ফলে অফিসে কোনো আলোচনা, গুঞ্জন বা করিডোরে দৃশ্যমান কোনো উদ্বেগ ছিল না। কিন্তু এর পরই শুরু হলো ই-মেইল আসা।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই শুরু করেছে, যা তাদের মোট কর্মশক্তির প্রায় ১০ শতাংশ। প্রথম ছাঁটাই বার্তা আসে সিঙ্গাপুর অফিস থেকে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরে ক্ষতিগ্রস্ত কর্মীরা স্থানীয় সময় ভোর ৪টায় ই-মেইল পান। বিভিন্ন টাইম জোন অনুযায়ী ধাপে ধাপে এই নোটিশ পাঠানো হচ্ছে।
এই প্রক্রিয়ার আগে মেটার কর্মী সংখ্যা ছিল প্রায় ৭৮ হাজার। এখন হাজার হাজার কর্মী চাকরি হারাচ্ছেন এবং আরও হাজার হাজার কর্মীকে অন্যত্র স্থানান্তর করা হচ্ছে।
অভ্যন্তরীণ এক বার্তায় প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা জানেল গেইল জানান, ৭ হাজার কর্মীকে নতুন এআই-নির্ভর দলে পুনর্বিন্যাস করা হবে। একইসঙ্গে প্রায় ৬ হাজার খালি পদ বাতিল করা হয়েছে এবং ব্যবস্থাপনার বিভিন্ন স্তরও কমানো হচ্ছে।
তিনি বলেন, এখন আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে ছোট ছোট টিম ও ফ্ল্যাট কাঠামো নিয়ে দ্রুত এবং আরও বেশি দায়িত্বশীলভাবে কাজ করা সম্ভব।
গত মাসে তথ্য ফাঁস হওয়ার পর মেটা এই ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছিল। এর ফলে কোম্পানির ভেতরে কর্মীদের মনোবল মারাত্মকভাবে ভেঙে পড়ে। জানা গেছে, আনুষ্ঠানিক ঘোষণার আগেই কিছু কর্মী বিনামূল্যে পাওয়া স্ন্যাক্স এবং অতিরিক্ত ল্যাপটপ চার্জার সংগ্রহ করতে শুরু করেন।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এরইমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কোম্পানির প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন। এ বছর মেটা ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে, যার বড় অংশই যাবে এআই খাতে।
শুধু মেটাই নয়, প্রযুক্তি খাতজুড়ে একই প্রবণতা দেখা যাচ্ছে। সিসকো সিস্টেমস গত সপ্তাহে ৪ হাজার কর্মী ছাঁটাই করেছে। এছাড়া মাইক্রোসফট, অ্যামাজন, ডিজনি এবং এএসএমএল-ও কর্মী ছাঁটাই বা স্বেচ্ছা অবসরের ঘোষণা দিয়েছে।
এপ্রিল মাসে ওরাকল বিভিন্ন দেশে ভোরবেলার ই-মেইলের মাধ্যমে আনুমানিক ২০ থেকে ৩০ হাজার কর্মী ছাঁটাই করেছিল।
টিজে/টিএ