© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধ বন্ধে ইরানকে নতুন প্রস্তাব দিল ওয়াশিংটন

শেয়ার করুন:
যুদ্ধ বন্ধে ইরানকে নতুন প্রস্তাব দিল ওয়াশিংটন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৪ এএম | ২১ মে, ২০২৬
ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে তেহরানকে নতুন একটি প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ। এমন পরিস্থিতিতে ইরানকে চুক্তিতে রাজি হতে ফের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর যুদ্ধ এড়াতে আলোচনার পথ এখনো খোলা আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট।

হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরান। পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি এই গুরুত্বপূর্ণ নৌপথে একটি ‘নিয়ন্ত্রিত মেরিটাইম জোন’ ঘোষণা করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, কুহ-ই মুবারক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এবং কেশম দ্বীপ থেকে উম্ম আল-কুওয়াইন পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে যেকোনো জাহাজের যাতায়াতের জন্য ইরানের অনুমতি ও সমন্বয় বাধ্যতামূলক করা হয়েছে।

সংঘাত স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক চ্যানেলে চলছে দরকষাকষি। এরই ধারাবাহিকতায় ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের কাছে নতুন একটি প্রস্তাব পাঠানো হয়েছে।

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই নতুন খসড়া প্রস্তাব পাঠানো হয় বলে নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম। এর আগে ইরানের পক্ষ থেকে একটি ১৪ দফার প্রস্তাব দেয়া হয়েছিল।

তবে চুক্তি স্বাক্ষরের আগে ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তাব দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সম্প্রতি দাবি করে। বিষয়টি উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, তেহরানকে শতভাগ সঠিক জবাব ও চূড়ান্ত প্রস্তাব রাখতে হবে, নয়তো যেকোনো মুহূর্তে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ওয়াশিংটনের খসড়া প্রস্তাব ও হুমকির মুখে কূটনৈতিক শিষ্টাচারের আহ্বান জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, যুদ্ধ এড়াতে ইরান সবসময় সব পথ খোলা রেখেছে, তবে বলপ্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না।

এমআই/এসএন  

মন্তব্য করুন