© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা চলতে বাধা নেই : হাইকোর্ট

শেয়ার করুন:
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা চলতে বাধা নেই : হাইকোর্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২০ পিএম | ২১ মে, ২০২৬
নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা হলে প্রদর্শনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নকিব সাইফুল ইসলাম। এর আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন হাসান জাহাঙ্গীর।

আইনজীবী বলেন, দুই বছর আগে যুক্তরাষ্ট্রে নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে একটি প্রজেক্টে কাজ করেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। শুরুতে নাটক হিসেবে নির্মাণ হলেও এটি সিনেমার হিসেবে সেন্সর সার্টিফেকেশন বোর্ডে আবেদন করেন নির্মাতা। বোর্ডের অনুমতি পাওয়ার পর বিষয়টি নিয়ে অভিনয় শিল্পী মৌসুমী ও জেবা জান্নাতের আপত্তির পর সিনেমাটির সেন্সর বাতিল করা হয়।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটির সেন্সর বাতিল করা হয়েছে। জেবা জান্নাত নামের এক অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড অনুমতিক্রমে ১৫ মে দেশজুড়ে প্রেক্ষাগৃহে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মুক্তির ঘোষণা দেন নির্মাতা। ঘোষণারে পর মৌসুমীর স্বামী ওমর সানী নিজের বিরূপ প্রতিক্রিয়া জানান। একই সময় নিজের ফোনে মৌসুমীর কল রেকর্ড শোনান ওমর সানী।

সেখানে মৌসুমীও জানান, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ এক ঘণ্টার একটা নাটক ছিল। সিনেমার বিষয়ে তার সঙ্গে কোনো কথা বা চুক্তি হয়নি।

মৌসুমীকে বলতে শোনা যায়, যুক্তরাষ্ট্রে এসে একটি মেয়ের স্ট্রাগল টাইমের ছোট গল্প নিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নির্মাণের কথা ছিল। হাসান জাহাঙ্গীর আমাকে অনেক অনুরোধ করার পর আমি রাজি হয়েছি। শুরুতে এটা ঘণ্টার একটি নাটক ছিল। দুই দিনে শুটিং শেষ হওয়ার কথা থাকলেও তিন দিন লেগে যায়। কিছুদিন পর হাসান এসে বলে, এটার শুটিং তো বেশি হয়েছে আমরা এটা টেলিফিল্মে রূপ চাই। তাতেও আমি রাজি হয়ে কাজটি শেষ করেছি।

মৌসুমী বলেন, ইদানীং খবরে দেখছি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নাকি সিনেমা হিসেবে আসছে। বিষয়টি শুনে অবাক হয়েছি। বোর্ডে এটাকে কীভাবে সেন্সর সার্টিফিকেশন দিল। তার চেয়ে বড় কথা হলো, আমি যেখানে সিনেমাই করি না, সেখানে এরকম একটা গল্প দিয়ে আমাকে হুট পর্দায় নিয়ে আসা যুক্তিসংগত বলে মনে কারি না। আমি তো জানিই না ‘কন্ট্রাক্ট ম্যারেজ’- এর আগে-পরে কী আছে। নির্মাতা ও প্রযোজকের কাছে এটা আমি মোটেই আশা করিনি।

মৌসুমী আরও বলেন, এমন অবস্থায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া উচিত কিনা তা দূর দেশ থেকে বুঝতে পারছি না। আমার মতে এটি সিনেমা হিসেবে মুক্তি না পাক। তার পরও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রযোজক সমিতিসহ যারা আছেন তারা যেন বিষয়টি বিবেচনা করেন।

এবি/টিএ

মন্তব্য করুন