© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনয়ে ইতি টানার ইঙ্গিত দিলেন রণবীর!

শেয়ার করুন:
অভিনয়ে ইতি টানার ইঙ্গিত দিলেন রণবীর!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০২ পিএম | ০৮ নভেম্বর, ২০২৬
বলিউডে অভিনেতা হিসেবে একের পর এক চমক দেখিয়েছেন রণবীর কাপুর। তবে এবার ক্যামেরার সামনে নয়, পেছনে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তিনি। শুধু অভিনয় নয়, গল্প বলা ও সিনেমা নির্মাণের প্রতি আগ্রহ থেকেই পরিচালনায় আসতে চান এই অভিনেতা। এমনকি আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই নিজের পরিচালনায় প্রথম সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন তিনি।

সম্প্রতি ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমার প্রচারে এক যৌথ সাক্ষাৎকারে সাই পল্লবীর সঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন রণবীর। সেখানেই জানান, কয়েক মাস আগে থেকেই নিজের পরিচালিত প্রথম সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। রণবীর বলেন, আমি কয়েক মাস আগে চিত্রনাট্য লেখা শুরু করেছি। বুঝতে পারছি, একটি গল্প তৈরি করা কতটা কঠিন। লেখক ও সৃজনশীল মানুষদের প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। তার মতে, একজন সংগীতশিল্পীর পর পরিচালকই সৃষ্টির আনন্দ সবচেয়ে গভীরভাবে অনুভব করেন। কারণ, একটি সিনেমার গল্প ভাবা থেকে শুরু করে সেটিকে পর্দায় তুলে ধরার পুরো প্রক্রিয়ায় পরিচালকের ভূমিকা থাকে।

পরিচালক হিসেবে কোন ঘরানার সিনেমা বানাবেন, তা এখনো চূড়ান্ত করেননি রণবীর। তবে তার পছন্দের সিনেমার তালিকায় রয়েছে ‘লাইফ ইজ বিউটিফুল’, ‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’ এবং রাজকুমার হিরানির সিনেমা। এসব ছবির মতো দর্শকের মনে উষ্ণতা ও ইতিবাচক অনুভূতি তৈরি করে, এমন একটি পারিবারিক গল্প নির্মাণ করতে চান তিনি।

সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন রণবীর। তিনি বলেন অভিনেতা হিসেবে হয়তো এটাই আমার শেষ দশক। আগামী দিনগুলোতে পরিচালনার দিকে বেশি মনোযোগ দিতে চাই। তবে তার আগে ‘ব্রহ্মাস্ত্র ২’, ‘অ্যানিমেল ২’ ও ‘রামায়ণ: পার্ট টু’র কাজ শেষ করতে চান।

পরিচালনায় রণবীরের আগ্রহ অবশ্য নতুন নয়। গত বছর নিজের জন্মদিনে ইনস্টাগ্রাম লাইভে জানিয়েছিলেন, পরিচালনার জন্য লেখকদের একটি দলও গঠন করেছেন। তাঁর বাবা ঋষি কাপুর ১৯৯৯ সালে ‘আ আব লট চলে’ সিনেমা পরিচালনা করেছিলেন। কিশোর বয়সে সেই সিনেমার কাজে বাবাকে সহযোগিতা করেছিলেন রণবীর। পরে সঞ্জয় লীলা বানসালির ‘ব্ল্যাক’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন তিনি।

এদিকে অভিনয়ের ব্যস্ততাও কমছে না রণবীরের। আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’, ‘অ্যানিমেল’ ও ‘রামায়ণ’-এর পরবর্তী কিস্তি। সব মিলিয়ে বলিউডে অভিনেতা থেকে পরিচালক হয়ে ওঠার নতুন অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন রণবীর।

সূত্র: এনডিটিভি 

এসএ/

মন্তব্য করুন