© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের পরেই ইমরান খানের মামলাগুলোর শুনানির আশ্বাস পাকিস্তানের প্রধান বিচারপতির

শেয়ার করুন:
ঈদের পরেই ইমরান খানের মামলাগুলোর শুনানির আশ্বাস পাকিস্তানের প্রধান বিচারপতির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৪ পিএম | ২১ মে, ২০২৬
ইসলামাবাদ হাইকোর্টের ওপর অসন্তোষ প্রকাশের পর এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মামলার আইনি সুরাহার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তার দল পিটিআই। প্রায় তিন বছর ধরে কারাবন্দি পিটিআই প্রধানের মামলাগুলোর দ্রুত শুনানির জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির সঙ্গে দেখা করেছেন দলের সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী সালমান আকরাম রাজা।

বৈঠক শেষে গণমাধ্যমকে সালমান আকরাম রাজা জানান, প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি আশ্বাস দিয়েছেন যে, পবিত্র ঈদুল আজহার পরপরই ইমরান খানের মামলাগুলো শুনানির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বৈঠকটিকে অত্যন্ত ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেন।

এর আগে ইমরান খানের আইনজীবীরা তাকে ইসলামাবাদের শাফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন। আবেদনে কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্য ও আইনি দলকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার পাশাপাশি তার সব মেডিকেল রেকর্ড পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। একই সুবিধা চেয়ে ইসলামাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পৃথক আরেকটি আবেদন করেছেন ইমরান খানের বোন ড. উজমা খান।

প্রধান বিচারপতির সঙ্গে সালমান আকরাম রাজার এই বৈঠকের ঠিক আগে, ‘ইনসাফ লইয়ার্স ফোরাম’ (আইএলএফ)-এর প্রধান সংগঠক ইন্তেজার পাঞ্জুথার নেতৃত্বে প্রায় ১০০ জন আইনজীবী ইসলামাবাদের কনস্টিটিউশন অ্যাভিনিউতে একটি বিক্ষোভ মিছিল করেন। পিটিআই সমর্থিত আইনজীবীদের ধারণা, এই বিক্ষোভের কারণেই প্রধান বিচারপতি আফ্রিদি স্বপ্রণোদিত হয়ে সালমান আকরাম রাজাকে বৈঠকের আমন্ত্রণ জানান। দলীয় সূত্রে জানা গেছে, ১৯ কোটি পাউন্ডের আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্টের আদেশের বিরুদ্ধেও পিটিআই খুব শীঘ্রই সুপ্রিম কোর্টে আপিল করতে যাচ্ছে।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইমরান খান যদি কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সময় দেশটির শক্তিশালী সামরিক এস্টাবলিশমেন্ট বা নিরাপত্তা বাহিনীর সমালোচনা বন্ধ করেন, তবেই কেবল তার সঙ্গে সাক্ষাতের পথ আবার সহজ হতে পারে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

এমআই/এসএন  

মন্তব্য করুন