মোদি-মেলোনির ‘মেলোডি’ চকোলেট এবার সোনাক্ষীর সংসারে
ছবি: সংগৃহীত
০৪:০০ পিএম | ২১ মে, ২০২৬
রোমের কূটনৈতিক মঞ্চে এক টুকরো চকোলেট ঘিরে যে আলোড়ন তৈরি হয়েছিল, তার রেশ এবার পৌঁছে গেল বলিউডের অন্দরেও। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘মেলোডি’ চকোলেট উপহার দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় রসিকতা, মিম আর নানা ব্যাখ্যা-বিশ্লেষণ। আর সেই ট্রেন্ডেই নতুন মাত্রা যোগ করলেন বলিউড তারকা দম্পতি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল।
বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মজার ভিডিও প্রকাশ করেন এই তারকাদম্পতি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় হাসির রোল পড়ে যায়। কারণ, সেখানে ‘মেলোডি’ টফিকে কেন্দ্র করেই জমে ওঠে সোনাক্ষী-জাহিরের খুনসুটি।
ভিডিওতে দেখা যায়, জাহিরকে উদ্দেশ করে সোনাক্ষী প্রশ্ন ছুড়ে দেন, তিনি কি তাকে কিছু জিজ্ঞেস করতে চান? উত্তরে জাহির ভালোবাসার কথা বলতেই দুষ্টুমি ভরা ভঙ্গিতে অভিনেত্রী বলে ওঠেন, তাহলে আর কিছু জিজ্ঞেস করার দরকার নেই। ঠিক সেই মুহূর্তেই নাটকীয়ভাবে পকেট থেকে একটি ‘মেলোডি’ টফি বের করেন জাহির। এরপর পরিচিত বিজ্ঞাপনের সংলাপ ধার করে স্ত্রীকে উদ্দেশ করে বলেন, “মেলোডি খাও, নিজেই জেনে যাবে।”

মূলত জনপ্রিয় টফির সেই বহুল পরিচিত বিজ্ঞাপনী সংলাপকেই ব্যবহার করেছেন জাহির। তবে সময়টা এমন, যখন মোদি-মেলোনির ‘মেলোডি মুহূর্ত’ নিয়েই উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। ফলে সোনাক্ষী-জাহিরের এই ভিডিওকে ঘিরেও শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকেই মনে করছেন, তারকাদম্পতি পরোক্ষভাবে সেই ভাইরাল কূটনৈতিক মুহূর্তকেই রসিকতার ছলে তুলে ধরেছেন।
এর আগেই রোমে মোদি-মেলোনির হাস্যোজ্জ্বল মুহূর্ত ঘিরে তৈরি হয়েছিল নানা মিম। ভিডিওতে ইটালির প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ভারতের প্রধানমন্ত্রী তাদের জন্য বিশেষ উপহার এনেছেন, আর সেটি হলো ‘মেলোডি’ চকোলেট। এরপর দুই রাষ্ট্রনেতার হাসির মুহূর্ত মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
আর সেই ভাইরাল ট্রেন্ডকে বলিউডি রোম্যান্সে মিশিয়ে এবার যেন নতুন এক সামাজিক মাধ্যম-আলোচনার জন্ম দিলেন সোনাক্ষী ও জাহির।
এসএ/এসএন