© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাস্থ্য পরীক্ষায় যুক্তরাষ্ট্রে সঞ্জয় দত্ত! কী হয়েছে অভিনেতার?

শেয়ার করুন:
স্বাস্থ্য পরীক্ষায় যুক্তরাষ্ট্রে সঞ্জয় দত্ত! কী হয়েছে অভিনেতার?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৩ পিএম | ২১ মে, ২০২৬
বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত আবারও আলোচনায়। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘আখরি সাওয়াল’। ৬৬ বছর বয়সেও পর্দায় নিজের উপস্থিতি আর অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে চলেছেন তিনি। তবে এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন লড়াইয়ের গল্প, যে লড়াইয়ে কয়েক বছর আগে মৃত্যুকেও হার মানিয়েছিলেন এই অভিনেতা।

২০২০ সালের আগস্টে আচমকাই শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি হতে হয় সঞ্জয় দত্তকে। শ্বাসকষ্ট এবং ফুসফুসে জল জমার সমস্যায় উদ্বেগ ছড়িয়ে পড়ে তার পরিবার ও অনুরাগীদের মধ্যে। পরে চিকিৎসকেরা জানান, তার শরীরে ধরা পড়েছে স্টেজ-৪ ফুসফুসের ক্যানসার। খবরটি প্রকাশ্যে আসতেই স্তব্ধ হয়ে যায় বলিউড অঙ্গন।

কঠিন সেই সময়েই এক ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শে মুম্বাইয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে শুরু হয় সঞ্জয়ের চিকিৎসা। দীর্ঘ ও কঠোর চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশেষে একই বছরের অক্টোবরেই ক্যানসারমুক্ত হওয়ার সুখবর দেন অভিনেতা। সেই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল তার পরিবার এবং ভক্তরা।



জানা গেছে, চিকিৎসার প্রয়োজনে তখন যুক্তরাষ্ট্রের পাঁচ বছরের বিশেষ মেডিকেল ভিসাও পেয়েছিলেন সঞ্জয় দত্ত। নিউ ইয়র্কের বিখ্যাত ক্যানসার চিকিৎসাকেন্দ্রে দ্বিতীয়বার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার জন্যই সেই ভিসা দেওয়া হয়েছিল। ঘটনাচক্রে, আশির দশকে তার মা, কিংবদন্তি অভিনেত্রী নার্গিসকেও ক্যানসারের চিকিৎসার জন্য একই হাসপাতালে নেওয়া হয়েছিল।

ক্যানসার জয় করার পর থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে প্রতিবছর যুক্তরাষ্ট্রে যান সঞ্জয় দত্ত। বলিউডের অন্দরমহলের গুঞ্জন, গত সপ্তাহেও তিনি একাই যুক্তরাষ্ট্রে গেছেন। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে ঘনিষ্ঠ বন্ধু পরেশ ঘেলানির সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেতা। জানা গেছে, এবার শুধু নিউ ইয়র্ক নয়, ক্যালিফোর্নিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করেছেন তিনি।

অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, সঞ্জয়ের পুরো সফর পরিকল্পনা এখনও স্পষ্ট নয়। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে বলেই জানা গেছে। গত কয়েক বছর ধরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং এবারের সফরও তার ব্যতিক্রম নয়।

জীবনের কঠিনতম সময় পেরিয়ে আজও নতুন কাজ আর সুস্থ জীবন নিয়ে এগিয়ে চলেছেন সঞ্জয় দত্ত। আর সেই কারণেই হয়তো দর্শকের কাছে তিনি শুধু একজন অভিনেতা নন, লড়াই করে ফিরে আসার এক অনুপ্রেরণার নাম।


এসএ/এসএন

মন্তব্য করুন