© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিট বিতর্কে সরকারের বিরুদ্ধে তোপ বিশালের

শেয়ার করুন:
নিট বিতর্কে সরকারের বিরুদ্ধে তোপ বিশালের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১১ পিএম | ২১ মে, ২০২৬
নিট পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ড ঘিরে যখন ভারতজুড়ে তীব্র বিতর্ক, তখন সরাসরি সরকারের সমালোচনা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সংগীতশিল্পী ও সুরকার বিশাল দদলানি। আর সেই মন্তব্যের জেরেই তাকে জনপ্রিয় সংগীতভিত্তিক অনুষ্ঠান ইন্ডিয়ান আইডল–এর বিচারকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে বিনোদন অঙ্গনে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন বিশাল দদলানি। সেখানে নিট পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। ভিডিওতে শিক্ষার্থী ও অভিভাবকদের হতাশার কথা তুলে ধরে এই সংগীতশিল্পী বলেন, হাজার হাজার ছাত্রছাত্রীর পরিশ্রম, সময় এবং ভবিষ্যৎ এক নিমিষে অনিশ্চয়তার মুখে পড়ে গেছে।

বিশালের বক্তব্য, প্রতিবছর নিট পরীক্ষা অনুষ্ঠিত হলেও বারবার এমন ভুল মেনে নেওয়া যায় না। সরকারি সংস্থার আয়োজনে হওয়া পরীক্ষায় এত বড় কেলেঙ্কারির পরও কেউ দায় নিতে চাইছে না বলেও অভিযোগ করেন তিনি। এমনকি কেন্দ্রীয় মন্ত্রীদের মন্তব্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই শিল্পী।

ভিডিওতে ক্ষোভ প্রকাশ করে বিশাল বলেন, বর্তমানে শিক্ষার মূল্য কমে গেছে এবং ক্ষমতায় থাকা মানুষদের শিক্ষার অভাবই দেশের এই অবস্থার জন্য দায়ী। তার ভাষায়, মানুষ পছন্দ করুক বা বিরোধিতা করুক, এটাই বাস্তবতা।



এখানেই থেমে থাকেননি তিনি। সাধারণ মানুষের উদ্দেশে আবেদন জানিয়ে বিশাল বলেন, জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ ও দেশের স্বার্থে শিক্ষিত ও ভালো মানুষদের নির্বাচিত করা উচিত। অশিক্ষিত ও অযোগ্য মানুষদের ক্ষমতায় না আনার আহ্বানও জানান তিনি।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ তার সাহসী অবস্থানের প্রশংসা করেছেন, আবার কেউ রাজনৈতিক মন্তব্য করার জন্য সমালোচনাও করেছেন।

এর মধ্যেই বিনোদন অঙ্গনে গুঞ্জন ছড়ায়, সরকারের সমালোচনা করায় ‘ইন্ডিয়ান আইডল’- এর বিচারকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিশাল দদলানিকে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত অনুষ্ঠান কর্তৃপক্ষ বা বিশাল দদলানির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৬ সালের নিট ইউজি পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে দায় স্বীকার করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর সেই ঘটনাই এখন ভারতীয় রাজনীতি থেকে বিনোদন অঙ্গন- সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু।

এসএ/টিকে

মন্তব্য করুন