© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মঙ্গলসূত্র থেকে শাড়ি নিজের পছন্দেই নকশা করেছিলেন রাশ্মিকা!

শেয়ার করুন:
মঙ্গলসূত্র থেকে শাড়ি নিজের পছন্দেই নকশা করেছিলেন রাশ্মিকা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৯ পিএম | ২১ মে, ২০২৬
দীর্ঘদিনের প্রেমের জল্পনার পর অবশেষে সাতপাকে বাঁধা পড়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তাদের বর্ণিল বিয়ের আয়োজন। আর সেই বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয় নতুন আলোচনা।

বিয়ের পোশাক, গয়না থেকে শুরু করে রীতিনীতি- সবকিছুতেই ছিল আলাদা ছাপ। সম্প্রতি এই তারকা জুটির বিয়ের আয়োজন নিয়ে মুখ খুলেছেন তাদের অনুষ্ঠান-ব্যবস্থাপক প্রিয়া মগান্তি। তিনি জানিয়েছেন, পুরো আয়োজনেই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল রাশ্মিকা ও বিজয়ের ব্যক্তিগত পছন্দ।

প্রিয়ার ভাষ্য অনুযায়ী, নিজের মঙ্গলসূত্র নিজেই নকশা করেছিলেন রাশ্মিকা। তার মতে, এই বিষয়টি অভিনেত্রীর নিজস্ব রুচি ও ব্যক্তিত্বের পরিচয় বহন করে। শুরু থেকেই এই জুটি চেয়েছিলেন, তাদের বিয়ে যেন অন্য তারকাদের জাঁকজমকপূর্ণ আয়োজনের ভিড়ে হারিয়ে না যায়। তাই কোনো প্রচলিত ধারা অনুসরণ না করে নিজেদের পছন্দকেই প্রাধান্য দিয়েছেন তারা।



বিশেষ করে রাশ্মিকার বিয়ের শাড়ি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। সাধারণত তারকা কনেদের লাল, সাদা বা হালকা রঙের পোশাকে দেখা গেলেও রাশ্মিকা বেছে নিয়েছিলেন কমলা রঙের শাড়ি। অনেক পোশাকশিল্পী তাকে অন্য রঙের পরামর্শ দিলেও নিজের পছন্দ থেকে সরে আসেননি অভিনেত্রী।

বিয়ের আয়োজক প্রিয়া জানান, তিনি নিজেও রাশ্মিকাকে নিজের মনের কথা শুনতে উৎসাহ দিয়েছেন। কারণ, এই বিশেষ দিনটিতে অন্যের পছন্দ নয়, নিজের স্বাচ্ছন্দ্য ও ভালো লাগাকেই গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তারা।

শুধু রাশ্মিকার সাজই নয়, বিজয় দেবরকোন্ডার ঐতিহ্যবাহী সাজও ভক্তদের মুগ্ধ করেছে। তেলুগু ও কোডাভা রীতিনীতি মেনে সম্পন্ন হওয়া এই বিয়েতে আধুনিকতা ও ঐতিহ্যের মিশেলে তৈরি হয়েছিল এক ভিন্ন আবহ।

সব মিলিয়ে রাশ্মিকা ও বিজয়ের এই বিয়েকে অনেকেই বলছেন, তারকাদের চেনা আড়ম্বরের বাইরে ব্যক্তিগত পছন্দ আর স্বকীয়তার এক অনন্য উদাহরণ।

এসএ/টিকে

মন্তব্য করুন