© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আলিয়া-রাহার সঙ্গে সময় কাটানো সেই বাড়িটি কি ভাড়া দিলেন রণবীর?

শেয়ার করুন:
আলিয়া-রাহার সঙ্গে সময় কাটানো সেই বাড়িটি কি ভাড়া দিলেন রণবীর?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৫ পিএম | ২১ মে, ২০২৬
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুরকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা। প্রেম, বিয়ে থেকে শুরু করে সংসার—এই জুটির জীবনের প্রতিটি অধ্যায়ই বরাবর ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। এবার আলোচনায় এসেছে তাদের পুরনো বাসা ভাড়ায় দেওয়ার খবর।

গত বছর দীপাবলির সময় নতুন বাড়িতে উঠেছেন আলিয়া ও রণবীর। বান্দ্রার পালি হিল এলাকার পুরনো আবাসন ছেড়ে প্রায় ২৫০ কোটি টাকার নতুন বাড়িতে সংসার শুরু করেন তারা। তবে সম্পর্কের শুরুর স্মৃতি জড়িয়ে থাকা পুরনো ফ্ল্যাটটি এবার ভাড়ায় দিলেন রণবীর কাপুর।



প্রায় ২৪৬০ বর্গফুটের এই ফ্ল্যাটটি রণবীর কিনেছিলেন ২০১৬ সালে। তখনও বাবা-মায়ের সঙ্গেই থাকতেন তিনি। পরে আলিয়ার সঙ্গে সম্পর্ক গভীর হলে একসঙ্গে থাকার পরিকল্পনা থেকেই এই ফ্ল্যাট কেনেন অভিনেতা। কয়েক বছর পর একই আবাসনের ছয়তলায় আরেকটি ফ্ল্যাট কেনেন আলিয়াও।

এই বাড়িতেই হয়েছিল তাদের বিয়ের আয়োজন। মেয়ে রাহা কাপুর জন্মের পরও ছোট্ট রাহাকে নিয়ে দীর্ঘদিন সেখানে ছিলেন এই তারকা দম্পতি। ফলে ফ্ল্যাটটি শুধু একটি বিলাসবহুল ঠিকানাই নয়, বরং তাদের ব্যক্তিগত জীবনের বহু স্মৃতির সাক্ষী।

সম্প্রতি জানা গেছে, বাড়িটি পাঁচ বছরের জন্য ভাড়ায় দিয়েছেন রণবীর। মাসিক ১১ লাখ টাকায় আদিত্য শুক্ল নামের এক ব্যক্তি ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন।

এদিকে কয়েক মাস আগেই অযোধ্যায় জমি কেনার খবর প্রকাশ্যে আসে রণবীরের। সেই সঙ্গে পুরনো বাড়ি ভাড়ায় দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে বলিউডে। অনেকের প্রশ্ন, তবে কি ধীরে ধীরে মুম্বাই ছাড়ার পরিকল্পনা করছেন অভিনেতা?

বর্তমানে রামায়ণ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন রণবীর কাপুর। সেখানে তাকে রামের চরিত্রে দেখা যাবে বলেই জানা গেছে। ফলে অযোধ্যায় তার নতুন বিনিয়োগকে কেন্দ্র করে অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি অভিনেতা।


এসএ/টিকে

মন্তব্য করুন