মানুষ আর বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো দেশকে বিচার করা উচিত নয়: রুদ্রনীল ঘোষ
ছবি: সংগৃহীত
০৮:০৭ এএম | ২২ মে, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পালাবদলের পর টলিউডে বাংলাদেশি তারকাদের কাজ করা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি নবনির্বাচিত বিধায়ক (বিজেপি) ও অভিনেতা রুদ্রনীল ঘোষের ডাকা এক বৈঠকে কলকাতার টেকনিশিয়ানদের ক্ষোভের পর বিষয়টি সামনে আসে।
গত বুধবার বিকেলে কলকাতার টেকনিশিয়ান্স স্টুডিওতে টলিউডের অন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পরমব্রত চ্যাটার্জি, সৃজিত মুখার্জি, ইন্দ্রদীপ দাশগুপ্তসহ ইন্ডাস্ট্রির অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে এক টেকনিশিয়ান অভিযোগ করেন, বাংলাদেশে কাজ করতে এসে তারা অপমানিত হয়েছেন, অথচ বাংলাদেশি শিল্পীরা কলকাতায় অবাধে কাজ করছেন। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।
টেকনিশিয়ানদের এমন ক্ষোভের বিষয়ে রুদ্রনীল ঘোষ বলেন, ভারতীয় হিসেবে এমন অসম্মানের বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। সুযোগ পেলে তিনি বিষয়টি সরকারকে জানাবেন।
তবে বাংলাদেশি শিল্পীদের ভারতে কাজের বিষয়ে এই বিধায়ক-অভিনেতা বলেন, এটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত। বাংলাদেশের এমন অনেক মানুষ আছেন, যারা ভারতকে অন্তর থেকে ভালোবাসেন। আবার কিছু উগ্রবাদী শক্তিরও নজির রয়েছে। তবে স্বল্পসংখ্যক মানুষ আর বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো দেশকে বিচার করা উচিত নয়। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, সেটুকু নিশ্চিত।
সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচনে রাজনৈতিক পট পরিবর্তনের পর টলিউডের টেকনিশিয়ানদের সঙ্গে রুদ্রনীল ঘোষের এটিই ছিল প্রথম বৈঠক। দীর্ঘদিনের জমে থাকা নানা ক্ষোভ ও বঞ্চনার কথা এই বৈঠকে তুলে ধরেন ইন্ডাস্ট্রির কর্মীরা। এখন বাংলাদেশি শিল্পীদের টলিউডে কাজের বিষয়ে নতুন সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে আছে দুই বাংলার বিনোদন অঙ্গন।
এসএ/এসএন