© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় অভিযোগ!

শেয়ার করুন:
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় অভিযোগ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩১ এএম | ২২ মে, ২০২৬
পশ্চিমবঙ্গের রাজনীতি ও টলিউডের সম্পর্ক নতুন কিছু নয়। নির্বাচনের আবহ থেকে শুরু করে রাজনৈতিক বিতর্ক- বহুবারই অভিনেতা-অভিনেত্রীদের নাম জড়িয়েছে নানা আলোচনায়। এবার সেই তালিকায় আবারও উঠে এলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। সমাজমাধ্যমে করা পুরোনো মন্তব্যকে কেন্দ্র করে দুই অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

বৃহস্পতিবার কলকাতার গড়িয়াহাট থানায় পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে অভিযোগ করেন আইনজীবী জয়দীপ সেন। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর সমাজমাধ্যমে করা দুই অভিনেতার মন্তব্য। অভিযোগকারীর দাবি, ওই মন্তব্যের মাধ্যমে ভোট-পরবর্তী হিংসায় উসকানি দেওয়া হয়েছিল।

জানা গেছে, ২০২১ সালের ২ মে নির্বাচনের ফল প্রকাশের দিন সমাজমাধ্যমে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন পরমব্রত। পরে সেই মন্তব্যে সম্মতি জানিয়ে প্রতিক্রিয়া দেন স্বস্তিকা। আইনজীবীর অভিযোগ, তাদের সেই বক্তব্য রাজ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে এবং হিংসার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে।

জয়দীপ সেন দাবি করেছেন, ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, ওই মন্তব্য বিজেপি কর্মীদের উপর হামলা, মহিলা কর্মীদের ধর্ষণ ও শ্লীলতাহানিসহ বিভিন্ন হিংসাত্মক ঘটনার ক্ষেত্রে প্ররোচনা হিসেবে কাজ করেছিল। এমনকি অগ্নিসংযোগের মতো ঘটনাতেও উসকানি দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছেন তিনি।



অভিযোগকারীর দাবি, সমাজে পরিচিত ও প্রভাবশালী মুখ হওয়ায় পরমব্রত ও স্বস্তিকার বক্তব্যে অনেকেই প্রভাবিত হয়েছিলেন। সেই কারণেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছিল বলেও মত তার।

তবে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি পরমব্রত চট্টোপাধ্যায় বা স্বস্তিকা মুখোপাধ্যায়। দুই তারকার নীরবতা ঘিরেও শুরু হয়েছে জোর আলোচনা।

ঘটনাচক্রে, এর একদিন আগেই টেকনিশিয়ান্স স্টুডিওতে আয়োজিত এক বৈঠকে উপস্থিত ছিলেন পরমব্রত। সেখানে অতীতের এক অপমানজনক অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। অভিনেতা জানান, একসময় সদ্যোজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে দাঁতে দাঁত চেপে কিছু সিদ্ধান্ত নিতে হয়েছিল। ব্যক্তিগত অপমানের সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর তৈরি না হয়, সেই আশাও প্রকাশ করেন তিনি।

রাজনৈতিক আবহ, সমাজমাধ্যমের পুরোনো মন্তব্য এবং নতুন আইনি অভিযোগ- সব মিলিয়ে ফের আলোচনার কেন্দ্রে টলিউডের দুই পরিচিত মুখ। এখন এই অভিযোগ কোন দিকে গড়ায়, সেদিকেই নজর বিনোদন ও রাজনৈতিক মহলের।

এসএ/এসএন

মন্তব্য করুন