এই সপ্তাহে কোন সিনেমা থাকছে প্রেক্ষাগৃহে?
ছবি: সংগৃহীত
০৯:৪৩ এএম | ২২ মে, ২০২৬
গত মার্চে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর ২’ যেন একাই বক্সঅফিসের ভার কাঁধে তুলে নিয়েছিল। ছবিটি মুক্তির পর প্রেক্ষাগৃহে যে উন্মাদনা দেখা গিয়েছিল, তার ধারেকাছেও পৌঁছাতে পারেনি পরের কোনো সিনেমা। একের পর এক হিন্দি ও আঞ্চলিক ভাষার ছবি মুক্তি পেলেও বেশির ভাগই সপ্তাহখানেক কিংবা বড়জোর দুই সপ্তাহের মধ্যেই প্রেক্ষাগৃহ থেকে বিদায় নিয়েছে। এই দীর্ঘ মন্দার মাঝে শুধু ‘ভূত বাংলা’ একশো কোটির গণ্ডি পার করতে পেরেছে। ফলে দর্শক টানতে এবার নতুন করে আশায় বুক বাঁধছে সিনেমাপাড়া।
চলতি সপ্তাহে অবশ্য কোনো বাংলা ছবি মুক্তি পাচ্ছে না। তবে হিন্দি, তেলুগু ও হলিউডের কয়েকটি বড় ছবি প্রেক্ষাগৃহে আসছে, যেগুলো ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এই সপ্তাহের অন্যতম আলোচিত ছবি ‘চাঁদ মেরা দিল’। প্রেমভাঙার ব্যক্তিগত অভিজ্ঞতার পর অনন্যা পাণ্ডেকে আবারও দেখা যাবে একেবারে খাঁটি প্রেমের গল্পে। তার বিপরীতে রয়েছেন ‘ব্যাডস্ অফ বলিউড’খ্যাত অভিনেতা লক্ষ্য লালওয়ানি। কর্ণ জোহর প্রযোজিত এই ছবির গল্প আবর্তিত হয়েছে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের বন্ধুত্ব থেকে প্রেমে পৌঁছানোর যাত্রাকে ঘিরে। গত কয়েক বছরে বলিউডে রোমান্টিক ছবির সংখ্যা কমে যাওয়ায় এই ছবিকে ঘিরে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। নতুন এই জুটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

অন্যদিকে রহস্য আর রোমাঞ্চের জগৎ নিয়ে ফিরেছে বহুল প্রতীক্ষিত ‘দৃশ্যম ৩’। মলয়ালম ভাষার জনপ্রিয় এই ধারাবাহিক ছবির তৃতীয় পর্ব মুক্তি পেয়েছে ২১ মে। প্রায় সাড়ে চার বছর অপেক্ষার পর আবারও বড় পর্দায় ফিরেছেন মোহনলাল। আগের দুই পর্বের মতো এবারও একই অভিনয়শিল্পীদের দেখা যাবে ছবিতে। পরিচালক প্রতিবারই নতুন রহস্য আর টানটান উত্তেজনায় দর্শকদের চমকে দিয়েছেন। ফলে তৃতীয় পর্ব নিয়েও প্রত্যাশা তুঙ্গে।
তেলুগু ভাষার মনস্তাত্ত্বিক রোমাঞ্চধর্মী ছবি ‘আগলি স্টোরি’ও রয়েছে মুক্তির তালিকায়। শ্রীনাডু ও অবিকা গর অভিনীত এই ছবিতে সম্পর্কের জটিলতা এবং মানুষের মানসিক টানাপোড়েনকে তুলে ধরা হয়েছে। দীর্ঘদিন হিন্দি টেলিভিশনে কাজ করা অবিকা সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন। অনেকেই ভেবেছিলেন, তিনি অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন। তবে নতুন এই ছবিই প্রমাণ করছে, এখনও অভিনয়জগত ছাড়ার কোনো পরিকল্পনা নেই তার।
হলিউডপ্রেমীদের জন্যও রয়েছে বড় চমক। জনপ্রিয় নক্ষত্রযুদ্ধভিত্তিক ফ্র্যাঞ্চাইজ়ির নতুন ছবি ‘স্টার ওয়ার্স: দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’ মুক্তি পাচ্ছে এই সপ্তাহে। অ্যাকশন আর রোমাঞ্চে ভরপুর এই ছবিতে আবারও ফিরছে দর্শকদের প্রিয় জুটি ডিন ডিজারিন ও গ্রোগু। জন ফ্যাভ্রো পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন পেদ্রো পাস্কাল ও জেরেমি অ্যালেন হোয়াইট। যুদ্ধ, আবেগ আর চোখধাঁধানো দৃশ্যের মিশেলে ছবিটি ইতিমধ্যেই আলোচনায় এসেছে।
সব মিলিয়ে দীর্ঘদিনের মন্দার পর নতুন এই সপ্তাহে প্রেম, রহস্য, মনস্তাত্ত্বিক টানাপোড়েন আর মহাকাশযুদ্ধের গল্পে আবারও প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় ফেরানোর আশা করছে চলচ্চিত্র অঙ্গন।
এসএ/এসএন