‘দাদা’ ছবিতে সৌরভের বাবার চরিত্রে কি শাশ্বত?
ছবি: সংগৃহীত
১০:৩৪ এএম | ২২ মে, ২০২৬
ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী নিয়ে নির্মিত বায়োপিক ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। ইতোমধ্যেই ছবির শুটিং শুরু হয়েছে এবং একে একে প্রকাশ্যে আসছে অভিনয়শিল্পীদের নাম। এবার জানা গেল, এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তিনি পর্দায় তুলে ধরবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রয়াত বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্র। পাশাপাশি ছবিতে আরও বেশ কয়েকজন পরিচিত বাংলা ও বলিউড অভিনেতাকে দেখা যাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায়।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসছে তা বহুদিন ধরেই ছিল আলোচনায়। তারপর গত মাসে ‘দাদা’-এর শ্যুটিংও শুরু হয়। ছবিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে। তবে বাংলার বহু অভিনেতা অভিনেত্রীও এই ছবিতে থাকছেন। তাঁদের মধ্যে অনেকেই নাম ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর এবার জানা গিয়েছে এই ছবিতে থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়। কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?
টিভি নাইন বাংলার একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে এই ছবিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রয়াত পিতা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনেতাকে দেখা যাবে। জানা গিয়েছে তিনি বর্তমানে মুম্বাইতে জোরকদমে শ্যুটিং করছেন।

এই ছবিতে বাংলার শাশ্বত ছাড়াও রয়েছেন অপরাজিতা আঢ্য। তাঁকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখ যাবে। জানা গিয়েছে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন রাহুল দেব বসু। সূত্রের খবর, পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে এবং তাঁর টিম রাহুলকে পছন্দ করেছেন। ইতিমধ্যেই নাকি তাঁর লুক সেটও হয়ে গিয়েছে। তাছাড়াও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া-র চরিত্রে কাজ করবেন গজরাজ রাও।
কিছুদিন আগেই রাহুল মুম্বই থেকে পরিবারের সঙ্গে একটা ছবি ভাগ করেছিলেন রাহুল। সেখানে তাঁকে তাঁর মায়ের জন্মদিন উদযাপন করতে দেখা গিয়েছিল। নায়ক ছবিটি পোস্ট করে লিখেছিলেন ব্যস্ত শিডিউল চলছে মুম্বইতে তাই মায়ের জন্মদিনে কলকাতায় যেতে পারেননি। আর সেই কারণেই রাহুলের সঙ্গে দেখা করতে তাঁর মা, বাবা, ভাই মুম্বইতে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু কোন কাজের জন্য তিনি মায়ানগরীতে তা অবশ্য অধরাই ছিল। অবশেষে কিছুদিন আগে তার উত্তর মেলে।
তাছাড়াও সৌরভ-পত্নীর ভূমিকার জন্য একগুচ্ছ বাঙালি নাম সামনে এসেছিল। বাংলার ইশা সাহা, অমৃতা চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর নাম ছিল এই তালিকায়। পড়ে অবশ্য সর্বভারতীয় দর্শকদের কথা মাথায় রেখে তাঁদের নিয়ে আর এগোননি নির্মাতারা। তাছাড়াও বি-টাউনের তৃপ্তি দিমরি, সানিয়া মালহোত্রাদের নাম উঠে এসেছিল শেষে তান্যা মানিকতলা চূড়ান্ত হন।
এসএ/এসএন