'কুইনস'- এ মিমির প্রথম ঝলক প্রকাশ্যে
ছবি: সংগৃহীত
১১:২৪ এএম | ২২ মে, ২০২৬
ওটিটি দুনিয়ায় আবারও নতুন চমক নিয়ে ফিরছেন মিমি চক্রবর্তী। প্রতিশোধ, রহস্য আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই- এই তিনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে তার নতুন সিরিজ ‘কুইনস’। পরিচালনায় রয়েছেন নির্ঝর মিত্র। চলতি বছরের শুরুতেই এই সিরিজের ঘোষণা সামনে এসেছিল। আর এবার প্রকাশ্যে এল মিমির চরিত্রের প্রথম ঝলক, যা ঘিরে ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল তুঙ্গে।
প্রথম ঝলকেই ধরা পড়েছে মিমির চরিত্রের একাধিক রূপ। কোথাও তাকে দেখা যাচ্ছে বিয়ের আগের গায়ে হলুদের সাজে, কোথাও আবার একেবারে নববধূর বেশে। কিন্তু সেই উজ্জ্বলতার আড়ালেই যেন লুকিয়ে রয়েছে গভীর বিষাদ আর অস্থিরতা। ধীরে ধীরে সামনে আসে এক নারীর প্রতিশোধের গল্প, যে সত্যের খোঁজে সব সীমা অতিক্রম করতে প্রস্তুত।
সিরিজের গল্পে স্বামীর মৃত্যুর পর ভয়ংকর এক লড়াইয়ে নামতে দেখা যাবে মিমিকে। প্রতিশোধ নিতে গিয়ে তাকে নিতে হবে একের পর এক কঠিন সিদ্ধান্ত। কখনও চিন্তায় ডুবে থাকা, কখনও আবার বেপরোয়া হয়ে সত্যের সন্ধানে ছুটে চলা- প্রথম ঝলকেই সেই আবেগ আর উত্তেজনার ইঙ্গিত মিলেছে স্পষ্টভাবে।

টলিপাড়ার অন্দরের খবর, এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহুল দেব বসুকেও। এই প্রথমবার মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধছেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সিরিজটির শুটিং। ফলে দর্শকদের আগ্রহও বাড়ছে দ্রুত।
নির্ঝর মিত্রের সঙ্গে এর আগেও কাজ করেছেন মিমি। ‘ডাইনি’ সিরিজে তার অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। সেখানেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এক নারীর চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তবে এবার পরিচালক তুলে ধরতে চলেছেন এক ভিন্ন মিমিকে। এমনটাই বলছে টলিপাড়ার অন্দরমহল।
মিমির পাশাপাশি সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন পায়েল দে। তাকেও দেখা যাবে প্রতিশোধের এক ভিন্ন গল্পে। এছাড়া অভিনয় করছেন দুর্বার শর্মা, অর্ণ মুখোপাধ্যায় ও যুধাজিৎ সরকার।
আগামী ১২ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ‘কুইনস’। রহস্য, আবেগ আর প্রতিশোধের মিশেলে তৈরি এই সিরিজে মিমি চক্রবর্তী কতটা নতুনভাবে দর্শকদের চমকে দিতে পারেন, এখন সেদিকেই তাকিয়ে টলিপাড়া।
এসএ/এসএন