© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শৈশবের ট্রমা নিয়ে মুখ খুললেন ত্রিশলা দত্ত

শেয়ার করুন:
শৈশবের ট্রমা নিয়ে মুখ খুললেন ত্রিশলা দত্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৫ এএম | ২২ মে, ২০২৬

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলা দত্ত বরাবরই আলোচনার কেন্দ্র থেকে দূরে থেকে নিজের জীবন গুছিয়ে নিতে ভালোবাসেন। বর্তমানে নিউ ইয়র্কে নিবন্ধিত একজন সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করা ত্রিশলা সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনের এক গভীর ও অন্ধকার অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেছেন।


সাক্ষাৎকারে ত্রিশলা জানান, তার জীবনের সবচেয়ে বড় আঘাত আসে মাত্র আট বছর বয়সে। ১৯৯৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান তার মা রিচা শর্মা, যিনি ছিলেন সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী। মায়ের মৃত্যুর পর থেকেই তার জীবনে শুরু হয় এক দীর্ঘ মানসিক সংগ্রাম। সেই শোক ধীরে ধীরে তাকে ভেতর থেকে ভেঙে দেয় এবং তার শারীরিক অবস্থাতেও প্রভাব ফেলে।


ত্রিশলা জানান, মায়ের অসুস্থতা ও মৃত্যুর পর একাকীত্ব তাকে গ্রাস করে নেয়। সেখান থেকেই তার ওজন বাড়তে শুরু করে, যা পরবর্তী সময়ে তার আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে। স্কুলজীবনে যখন সবাই জানতে পারে তিনি সঞ্জয় দত্তের মেয়ে, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তারকা সন্তান হওয়ার কারণে মানুষের প্রত্যাশার চাপ এবং কটূক্তি তাকে মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তোলে।




তিনি আরও জানান, বর্ণবাদের অভিজ্ঞতাও তাকে একসময় গভীরভাবে আঘাত করেছিল। সব মিলিয়ে শৈশব ও কৈশোরের এই কঠিন সময় তাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে, তবে সেই পথ মোটেও সহজ ছিল না।


লাইমলাইটের বাইরে থেকেও নিজের জীবনের এই কঠিন সত্য তুলে ধরে ত্রিশলা যেন বুঝিয়ে দিলেন, তারকা পরিবারের সন্তান হওয়া মানেই সবসময় সহজ জীবন নয়, বরং অনেক সময় তা হয়ে ওঠে আরও কঠিন এক মানসিক লড়াই।


এসএ/এসএন



মন্তব্য করুন