© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আন্তর্জাতিক মঞ্চে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা

শেয়ার করুন:
আন্তর্জাতিক মঞ্চে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৭ এএম | ২২ মে, ২০২৬
ভারতের দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'সেরা চলচ্চিত্রের' পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‘মানুষের বাগান’।

উৎসবের সমাপনী দিন এই পুরস্কার দেওয়া হয়। সিনেমার পরিচালক ও পুরো টিমের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন ভারতে বাংলাদেশের উপ হাইকমিশনার প্রীতি রহমান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে প্রযোজক ফরিদুর রেজা সাগর এই আন্তর্জাতিক অর্জনে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিনেমার পরিচালক নুরুল আলম আতিক বলেন, যে কোনো স্বীকৃতি নিসঃন্দেহে আনন্দের। বেশ আগে কাজটি করা। সবাই আমাকে দারুণ সহায়তা করছিলেন। সিনেমাটি শিগগিরই দেশের দর্শকরা দেখতে পারবেন।

একগুচ্ছ অভিনয়শিল্পী নিয়ে আতিক সিনেমাটি নির্মাণ ও সম্পাদনা শেষ করেন ২০১৯ সালের শেষের দিকে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, মাহমুদ আলম, প্রসূন আজাদ, দিপান্বিতা মার্টিন, ইকবাল আহমেদ, জয়রাজসহ অনেকে।

‘মানুষের বাগান’ সিনেমায় মানুষের সম্পর্কের গভীরতা এবং জীবনের জটিলতার দিক তুলে ধরেছেন। সিনেমার চিত্রনাট্যে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের পাঁচটি গল্প নিজস্ব দর্শনে তৈরি করেছেন নির্মাতা। সিনেমায় ‘মানুষের বাগান’ শিরোনামের একটি গান রয়েছে। গানটি করেছে চিরকুট ব্যান্ড। গানটির গীতিকার নাহিদুর রহমান আনন্দ, যিনি চিরকুটের ‘যাদুর শহর’ গানটির কথাও লিখেছিলেন।

দুই বছর আগে আতিকের 'পেয়ারার সুবাস' সিনেমাটি মুক্তি পেয়েছিল, সেই সিনেমাটিও নির্মাণের আট বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি দেন তিনি। এর আগে, আতিক নির্মাণ করেছেন 'লাল মোরগের জুটি', 'ডুব সাঁতার', 'কিত্তনখোলা' সহ বেশ কিছু সিনেমা।

এসএ/এসএন

মন্তব্য করুন