‘কিং’-এর মুক্তির আগেই ভাইরাল ‘মিনি কিং’
ছবি: সংগৃহীত
০২:২৩ পিএম | ২২ মে, ২০২৬
শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা কিং মুক্তির আগেই বড় ধরনের নিরাপত্তা সংকটে পড়েছে। এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ‘ফ্যান এডিট’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নির্মাতা দল উদ্বেগে পড়েছে।
প্রায় ১৫ মিনিটের ওই ভিডিওতে ফাঁস হওয়া বিভিন্ন দৃশ্য, সেটের ছবি ও পাপারাজ্জিদের ধারণ করা ক্লিপ একত্র করে সিনেমার সম্ভাব্য গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনলাইনে ভিডিওটি ‘মিনি কিং’ নামেও ছড়িয়ে পড়ে।
সিদ্ধার্থ আনন্দর অ্যাকশন থ্রিলারকে ঘিরে আগ্রহ এমনিতেই তুঙ্গে। তবে নির্মাতাদের জন্য সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে একের পর এক ফুটেজ ফাঁস হয়ে যাওয়া। এর আগে ছবির ক্লাইমেক্স দৃশ্যের কিছু অংশ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। আবার কেপটাউনে শুটিং চলাকালে শাহরুখ ও দীপিকা পাড়ুকোনের একটি গানের দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।
প্রযোজনা-সংশ্লিষ্ট একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, ফাঁস হওয়া দৃশ্য নিয়েই টিম বিরক্ত ছিল। কিন্তু এআই দিয়ে বানানো ভিডিওটি পরিস্থিতিকে অন্য মাত্রা দিয়েছে। কারণ, এটি শুধু আলাদা আলাদা ক্লিপ নয়; বরং ছবির সম্ভাব্য গল্পও পুনর্গঠন করার চেষ্টা করেছে। ফলে দর্শকের অভিজ্ঞতা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ ঘটনার পর মুম্বাইয়ের ঘোডবন্দর রোড এলাকায় চলমান শুটিংয়ে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। ব্যস্ত জনবহুল এলাকায় শুটিং হওয়ায় পুরোপুরি গোপনীয়তা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। ইউনিটের বাইরে মানুষের চলাচল সীমিত করা হয়েছে, বিশেষ করে অ্যাকশন দৃশ্য ও গুরুত্বপূর্ণ অংশের সময়। সূত্র বলছে, মুঠোফোন নিয়ন্ত্রণ করলেও বাইরে থেকে ফুটেজ ধারণ ঠেকানো প্রায় অসম্ভব।
ছবিটির কাজ এখন শেষ পর্যায়ে। তবে আরও প্রায় দুই মাসের শুটিং বাকি রয়েছে। প্যাচওয়ার্ক, অতিরিক্ত অ্যাকশন দৃশ্য ও ভিএফএক্সের কাজ একসঙ্গে চলছে। নির্মাতারা জুলাইয়ের শেষ নাগাদ পুরো কাজ শেষ করার লক্ষ্য নিয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ভিডিও ও ছবিগুলো ছড়িয়ে না দেওয়ার অনুরোধ জানিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। তিনি ‘কিং’-এর সেট থেকে ফাঁস হওয়া কোনো ভিডিও বা ছবি শেয়ার না করার কথা বলেছেন। দর্শকদের বড় পর্দায় চমক উপভোগ করার সুযোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
বলিউডে বড় বাজেটের সিনেমার ক্ষেত্রে ফাঁস হওয়া ফুটেজ নতুন নয়। তবে এআই প্রযুক্তি ব্যবহার করে পুরো গল্পের কাঠামো তৈরি করে ফেলা এখন নির্মাতাদের জন্য নতুন আতঙ্ক। বিশেষ করে শাহরুখ খানের মতো তারকার সিনেমা হলে দর্শকের আগ্রহ এতটাই বেশি যে সামান্য তথ্যও মুহূর্তে ভাইরাল হয়ে যাচ্ছে।
‘কিং’ নিয়ে দর্শকের আগ্রহের আরেকটি কারণ, এটি দীর্ঘদিন পর শাহরুখকে পুরোপুরি অ্যাকশনধর্মী এক নতুন চরিত্রে হাজির করবে বলে ধারণা করা হচ্ছে। ফলে নির্মাতারা চাইছেন, সিনেমার চমক শেষ মুহূর্ত পর্যন্ত গোপন থাকুক।
সূত্র- ইন্ডিয়া টুডে
এসএ/এসএন