© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথম দিনেই বক্স অফিস কাঁপাল ‘দৃশ্যম ৩’

শেয়ার করুন:
প্রথম দিনেই বক্স অফিস কাঁপাল ‘দৃশ্যম ৩’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৪ পিএম | ২২ মে, ২০২৬
মালয়ালম সিনেমার জনপ্রিয় থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম ৩’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। বৃহস্পতিবার মোহনলালের জন্মদিনে মুক্তি পাওয়া ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৪৩ কোটি রুপির ব্যবসা করে মালয়ালম সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে।

২০১৩ সালে পরিচালক জিতু জোসেফ নির্মিত প্রথম ‘দৃশ্যম’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। পরে এর দ্বিতীয় কিস্তিও প্রশংসিত হয়। একই সঙ্গে হিন্দি রিমেকগুলোও ব্যবসায়িকভাবে সফল হয়। পরিবারকে রক্ষা করতে এক সাধারণ কেবল ব্যবসায়ী জর্জকুট্টির বুদ্ধিদীপ্ত লড়াই দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়।

মুক্তির পর থেকেই কেরালাসহ বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় দেখা গেছে। মিশ্র প্রতিক্রিয়া পেলেও ছবিটি আবারও প্রমাণ করেছে, জর্জকুট্টি চরিত্রের জনপ্রিয়তা এখনো অটুট।
ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে প্রথম দিনে ছবিটির আয় হয়েছে প্রায় ১৮ দশমিক ৩৭ কোটি রুপি গ্রস। বিদেশি বাজার থেকে এসেছে আরো প্রায় ২৫ কোটি রুপি।
সব মিলিয়ে প্রথম দিনের বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৩৭ কোটি রুপিতে।



এর মাধ্যমে মালয়ালম সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে ‘দৃশ্যম ৩’। শীর্ষ অবস্থানে রয়েছে ‘এল২: এমপুরান’, যেখানে অভিনয় করেছিলেন মোহনলালই। ফলে মালয়ালম সিনেমার সবচেয়ে বড় দুই ওপেনিং এখন এই অভিনেতার দখলে।

ছবিটি নিয়ে দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া পুরোপুরি একমুখী নয়। অনেকের মতে, প্রথম দুই কিস্তির তুলনায় এবার রহস্যের গভীরতা কিছুটা কম। আবার কেউ কেউ মনে করছেন, অতিরিক্ত প্রত্যাশার চাপেই ছবিটি আগের মতো বিস্ময় তৈরি করতে পারেনি। বলা দরকার, ২১ মে ছিল মোহনলালের ৬৬তম জন্মদিন। একই দিনে মুক্তি পাওয়ায় ভক্তদের কাছে দিনটি উৎসবে পরিণত হয়। কেরালার বিভিন্ন প্রেক্ষাগৃহে মধ্যরাত থেকেই বিশেষ শো, কেক কাটা ও আতশবাজির আয়োজন দেখা যায়।

এসএ/এসএন

মন্তব্য করুন