রাফসানের সঙ্গে প্রথম যোগাযোগ করেছিলেন জেফার
ছবি: সংগৃহীত
০৩:৪১ পিএম | ২২ মে, ২০২৬
তারকাদের প্রেম কিংবা বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ যেন কখনোই ফুরোয় না। শোবিজ অঙ্গনের আলোচিত দম্পতি সংগীতশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবকে ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে নানা গুঞ্জন ও জল্পনা। অবশেষে সেই রহস্যের জট খুলে নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন জেফার।
জেফার স্পষ্ট জানিয়েছেন, তাদের সম্পর্ক কেবল আবেগের জায়গা থেকে তৈরি হয়নি, বরং একে অপরকে গভীরভাবে বোঝা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানসিক মিলই তাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার পথে এগিয়ে দিয়েছে।

একই অঙ্গনে কাজ করার সুবাদে দুজনের কাজের ধরন ও সৃজনশীলতার প্রতি রয়েছে পারস্পরিক সম্মান। রাফসানের উপস্থাপনা ও সৃজনশীল চিন্তাভাবনার প্রশংসা করে জেফার বলেন, পর্দার আড়ালের রাফসান একজন অসাধারণ পরিকল্পনাকারী। বিশেষ করে অনুষ্ঠান সাজানো ও নতুন নতুন আইডিয়া তৈরিতে তার দক্ষতা মুগ্ধ করেছে জেফারকে।
অন্যদিকে, সংগীতপ্রেমী রাফসানও জেফারের গানের জগতে বড় অনুপ্রেরণা হয়ে উঠেছেন। নতুন কোনো গানের প্রাথমিক সুর বা ‘স্ক্র্যাচ’ তৈরি হলে সবার আগে সেটি শোনেন রাফসান। তার মতামতকেও বেশ গুরুত্ব দেন জেফার।
তবে বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ট্রলের মুখে পড়তে হয় এই জুটিকে। বিভিন্ন সময় বর্ণবাদ ও ব্যক্তিগত আক্রমণও উঠে এসেছে মন্তব্যে। বিভিন্ন সময় নেটিজেনদের একাংশ তাদের সম্পর্ক ও ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েও নানা আলোচনা তৈরি করেছেন।
রাফসান-জেফারের সম্পর্কের শুরুটাও ছিল বেশ পেশাদার পরিবেশে। 'ন ডরাই' সিনেমার এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করার সময় প্রচারণার প্রয়োজনেই প্রথম রাফসানের সঙ্গে যোগাযোগ করেছিলেন জেফার। সেই পেশাদার পরিচয় ধীরে ধীরে গড়ে তোলে বন্ধুত্ব, আর সময়ের সঙ্গে তা রূপ নেয় গভীর মানসিক বন্ধনে।
পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসাকে সঙ্গী করে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন রাফসান-জেফার। সকল কটুক্তিকে পেছনে ফেলে সুখী দাম্পত্যের উদাহরণ হওয়ার পথে এই দম্পতি।
পিআর/টিকে