© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসপাতালে ভর্তি অভিনেত্রী দর্শনা বণিক!

শেয়ার করুন:
হাসপাতালে ভর্তি অভিনেত্রী দর্শনা বণিক!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৮ পিএম | ২২ মে, ২০২৬
কয়েক দিন ধরেই জ্বর আর শারীরিক দুর্বলতায় ভুগছিলেন অভিনেত্রী দর্শনা বণিক। কিন্তু অসুস্থ শরীর নিয়েও থামাননি কাজ। বিজ্ঞাপনের শুটিং, ব্যস্ত সময়সূচি আর টানা চাপের মধ্যেই চলছিল তাঁর দিনযাপন। তবে শেষ পর্যন্ত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হল অভিনেত্রীকে।

শুক্রবার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে দর্শনাকে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্বামী, অভিনেতা ও প্রযোজক সৌরভ দাস। তিনি জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই জ্বর যাচ্ছিল না। পাশাপাশি পেটের সংক্রমণেও ভুগছিলেন দর্শনা। প্রথমদিকে ওষুধ খেয়ে কাজ চালিয়ে গেলেও পরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

সৌরভের কথায়, টানা কাজের চাপেই হয়তো অসুস্থ হয়ে পড়েছেন দর্শনা। সম্প্রতি বিজ্ঞাপনী ছবির শুটিং করছিলেন অভিনেত্রী। প্রচণ্ড গরমে কাজ করতে গিয়ে রোদে কষ্ট হয়েছে কিংবা খাবারের কোনো সমস্যার কারণেও শারীরিক জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন তিনি।

জ্বর কিছু সময়ের জন্য কমলেও আবার ফিরে আসছিল। সেই সঙ্গে পেটের সংক্রমণও বাড়তে থাকে। হাতের কাজ শেষ করেই চিকিৎসকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন দর্শনা। পরীক্ষার পর জানা যায়, তাঁর মূত্রনালিতেও সংক্রমণ হয়েছে। এরপর চিকিৎসকের পরামর্শেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।



বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী। শুরু হয়েছে প্রয়োজনীয় চিকিৎসা। আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ বলে জানা গেছে। হাসপাতাল থেকে দর্শনা নিজেও অনুরাগীদের উদ্দেশে জানিয়েছেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সব ঠিক থাকলে শনিবারই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।

দর্শনার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে তাঁর ভক্তদের মধ্যে। সমাজমাধ্যমে অনেকেই অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন। কাজের প্রতি দায়বদ্ধতা দেখিয়ে অসুস্থ শরীর নিয়েও শুটিং চালিয়ে যাওয়া দর্শনার এই লড়াই নতুন করে আলোচনায় এনেছে তাঁকে।

পিআর/টিকে

মন্তব্য করুন