© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজের বিকৃত মুখ দেখলে খারাপ লাগে: মৌনী রায়

শেয়ার করুন:
নিজের বিকৃত মুখ দেখলে খারাপ লাগে: মৌনী রায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৬ পিএম | ২২ মে, ২০২৬
ছোটপর্দা থেকে বড়পর্দা দীর্ঘ পথ পেরিয়ে বলিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন মৌনী রায়। কোচবিহারের এই অভিনেত্রী প্রথম পরিচিতি পেয়েছিলেন জনপ্রিয় ধারাবাহিকে স্মৃতি ইরানির মেয়ের চরিত্রে অভিনয় করে। এরপর ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন হিন্দি বিনোদন অঙ্গনের প্রথম সারিতে। তবে অভিনয়ের সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবন আর চেহারা নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না তাঁর।

সম্প্রতি স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে আলোচনায় উঠে আসে মৌনীর নাম। এর মধ্যেই নতুন করে শুরু হয়েছে তাঁর চেহারার পরিবর্তন নিয়ে আলোচনা। দীর্ঘদিন ধরেই বলিউডে গুঞ্জন, নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক অস্ত্রোপচার করিয়েছেন অভিনেত্রী। ঠোঁট থেকে ভ্রু, এমনকি মুখের গঠনেও বদল এসেছে বলে দাবি নেটদুনিয়ার একাংশের।

বিনোদন অঙ্গনে সৌন্দর্য ধরে রাখতে কৃত্রিম উপায়ের ব্যবহার নতুন নয়। বহু অভিনেত্রীর নামই ঘুরে ফিরে আসে এই আলোচনায়। সেই তালিকায় বারবার জুড়ে দেওয়া হয় মৌনীর নামও। কেউ দাবি করেন, তিনি চুলের রেখা ঠিক করিয়েছেন। কেউ আবার বলেন, ঠোঁট ও মুখমণ্ডলে বড় ধরনের পরিবর্তন এনেছেন অভিনেত্রী।



বিশেষ করে তাঁর ঠোঁট নিয়ে আলোচনা সবচেয়ে বেশি। কর্মজীবনের শুরুর দিকে যেভাবে দেখা যেত মৌনীকে, কয়েক বছর পর তাঁর চেহারায় বেশ কিছু পরিবর্তন নজরে পড়ে দর্শকদের। ঠোঁটের আকার আরও মোটা ও ফোলা দেখানো থেকে শুরু করে ভ্রুর গঠনেও আসে বদল। পরে একটি ছবির প্রচারের সময় অনেকেই মন্তব্য করেন, হাসার সময় নাকি স্বাভাবিকভাবে মুখভঙ্গি করতে পারছিলেন না অভিনেত্রী। সেখান থেকেই শুরু হয় নতুন জল্পনা।

তবে এসব আলোচনা যে তাঁর কানে পৌঁছায়নি, তা নয়। এক সাক্ষাৎকারে মৌনী বলেছিলেন, সমাজমাধ্যমে তাঁর ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা নানা ছবিতে নিজের মুখ দেখে তাঁর খারাপ লাগে। অভিনেত্রীর কথায়, একসময় চেহারা নিয়ে হওয়া মন্তব্য এতটাই প্রভাব ফেলেছিল যে মন্তব্যের ঘর পর্যন্ত বন্ধ রাখতে হয়েছিল তাঁকে।

যদিও এখন আর এসব সমালোচনা নিয়ে মাথা ঘামান না তিনি। তবে মুখে অস্ত্রোপচার করিয়েছেন কি না, সে প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি মৌনী। আর সেই নীরবতাই যেন আরও বাড়িয়ে দিয়েছে জল্পনা।

পিআর/টিকে

মন্তব্য করুন