রাজ বাব্বর ও রেখার পুরোনো সম্পর্ক নিয়ে মুখ খুললেন ছেলে আর্য
ছবি: সংগৃহীত
০৫:৪১ পিএম | ২২ মে, ২০২৬
বলিউডের পুরোনো সম্পর্ক ও ব্যক্তিজীবন ঘিরে আবারও আলোচনায় উঠে এলেন রাজ বাব্বর, রেখা এবং তাঁদের ঘনিষ্ঠ সময়ের গুঞ্জন। সম্প্রতি রাজ বব্বরের ছেলে আর্য বাব্বর এক সাক্ষাৎকারে বাবার অতীত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করেন, যা ঘিরে নতুন করে শুরু হয়েছে চর্চা।
সাক্ষাৎকারে আর্য বাব্বরের কাছে প্রশ্ন ছিল, সত্যিই কি রাজ বব্বরের সঙ্গে অভিনেত্রী রেখার প্রেমের সম্পর্ক ছিল? উত্তরে আর্য সরাসরি কোনো দাবি না করলেও রেখাকে নিয়ে প্রশংসায় ভরিয়ে দেন তিনি। তাঁর কথায়, রেখা অত্যন্ত সুন্দরী এবং তাঁর প্রতি আকর্ষণ অনুভব করা যে কারও জন্যই স্বাভাবিক বিষয়। তবে এটিকে তিনি কোনো বিতর্কের জায়গা হিসেবে দেখতে চাননি।

বলিউডের ইতিহাসে রাজ বাব্বর ও রেখাকে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গেছে। সেই সময় থেকেই তাঁদের সম্পর্ক ঘিরে নানা ধরনের গুঞ্জন ছড়ায়। ‘অগর তুম না হোতে’, ‘আমিরি গরিবি’ এবং ‘ইনসাফ কি আওয়াজ’-এর মতো ছবিতে তাঁদের জুটি দর্শকের নজর কাড়ে। পর্দার রসায়ন থেকেই বাস্তব জীবন নিয়ে শুরু হয় নানা জল্পনা।
আর্য বব্বর আরও জানান, ছোটবেলা থেকেই তিনি বাবার ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনা ও গুঞ্জনের মধ্যে বড় হয়েছেন। বিশেষ করে রাজ বাব্বর ও স্মিতা পাটিলের সম্পর্ক, পরবর্তীতে তাঁদের জীবন ও পারিবারিক জটিলতা তাঁর মানসিকতাকেও প্রভাবিত করেছে বলে জানান তিনি।
তবে বর্তমানে এসব অতীতকে পিছনে ফেলে এগিয়ে যেতে চান বলে স্পষ্ট জানিয়েছেন আর্য। তাঁর মতে, পুরনো বিষয় নিয়ে বারবার আলোচনা না করে বর্তমান ও ভবিষ্যতের দিকে মন দেওয়া উচিত।
আর্য বাব্বরের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। বহু বছর পরও বলিউডের পুরনো সম্পর্ক ও গুঞ্জন যে দর্শকদের আগ্রহে কোনো পরিবর্তন আনেনি, তা আবারও স্পষ্ট হয়ে উঠল।
পিআর/টিকে