© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কিউবা যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা হুমকি, শান্তিপূর্ণ সমঝোতার সম্ভাবনা খুবই কম: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
কিউবা যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা হুমকি, শান্তিপূর্ণ সমঝোতার সম্ভাবনা খুবই কম: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৪ পিএম | ২২ মে, ২০২৬
কিউবা যুক্তরাষ্ট্রের জন্য একটি 'জাতীয় নিরাপত্তা হুমকি' এবং বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি'র।

বৃহস্পতিবার (২১ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, কিউবার সঙ্গে কূটনৈতিক সমাধান এখনও আমাদের পছন্দের পথ। তবে বাস্তবতা হলো, বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা খুব বেশি নয়।

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগ দায়েরের একদিন পরই রুবিও এমন মন্তব্য করলেন। কাস্ত্রোর বিরুদ্ধে ১৯৯৬ সালে দুটি বিমান ভূপাতিত হয়ে মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় এই অভিযোগ আনা হয়।

এদিকে, কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ রুবিওর বক্তব্যকে মিথ্যাচার আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, কিউবা কখনোই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না। পাশাপাশি, ওয়াশিংটন সামরিক আগ্রাসন উসকে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। 

রুবিও আরও দাবি করেন, কিউবা অঞ্চলের অন্যতম বড় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক। যদিও হাভানা এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।

বর্তমানে তীব্র জ্বালানি সংকটে রয়েছে কিউবা। যুক্তরাষ্ট্রের কার্যত তেল অবরোধের কারণে দেশটিতে বিদ্যুৎ বিভ্রাট ও খাদ্য সংকট আরও বেড়েছে। তবে কিউবা যুক্তরাষ্ট্রের দেওয়া ১০ কোটি ডলারের মানবিক সহায়তার প্রস্তাব গ্রহণ করেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে কিউবার কমিউনিস্ট সরকারের ওপর চাপ প্রয়োগ করে আসছেন। রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি দেশটির নেতৃত্ব পরিবর্তনের বিষয়েও ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে, বুধবার (২০ মে) কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুবিও বলেন, তাকে কীভাবে যুক্তরাষ্ট্রে আনা হবে সে বিষয়ে তিনি প্রকাশ্যে কিছু বলতে চান না।

অন্যদিকে, ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, আমরা আশা করছি, তিনি স্বেচ্ছায় অথবা অন্য কোনো উপায়ে যুক্তরাষ্ট্রে হাজির হবেন।

আরআই/টিকে

মন্তব্য করুন