বাংলাদেশি শিল্পীদের কাজে কলকাতার টেকনিশিয়ানদের আপত্তি
ছবি: সংগৃহীত
০৬:৩৪ পিএম | ২২ মে, ২০২৬
কলকাতার টালিউড ইন্ডাস্ট্রিতে বাংলাদেশি শিল্পী ও নির্মাতাদের কাজ করা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় শিল্পী ও টেকনিশিয়ানদের কাজের সুযোগ কমে যাওয়া, পারিশ্রমিক বৈষম্য এবং বিদেশি শিল্পীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ এবার প্রকাশ্যে আনলেন টালিউডের একাংশের টেকনিশিয়ানরা।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ টেকনিশিয়ান স্টুডিওতে সহকর্মীদের সঙ্গে এক বৈঠকে বসেন। সেখানে বিভিন্ন বিভাগের টেকনিশিয়ানরা সরাসরি নিজেদের অভিযোগ তুলে ধরেন।
বৈঠকে উপস্থিত শিল্প নির্দেশনা বিভাগের এক জ্যেষ্ঠ টেকনিশিয়ান অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশি অভিনেতা-অভিনেত্রীরা এসে দিনের পর দিন কলকাতায় কাজ করে যাচ্ছেন। অথচ আমাদের দেশের টেকনিশিয়ানরা ন্যায্য মূল্যায়ন ও পারিশ্রমিক পাচ্ছেন না।
এতে লাভবান হচ্ছেন বাংলাদেশের প্রযোজকেরা, আর স্থানীয় শিল্পী ও কলাকুশলীরা বঞ্চিত হচ্ছেন।’
তার দাবি, ভিনদেশি শিল্পীদের অবাধ উপস্থিতির কারণে স্থানীয় ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হচ্ছে।
একই সঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশি কলাকুশলীরা কলকাতার ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ নানা বিষয়ে ধারণা পাচ্ছেন, যা ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সতর্ক অবস্থান নেন রুদ্রনীল ঘোষ।
তিনি বলেন, ‘এটি অত্যন্ত স্পর্শকাতর ও আন্তর্জাতিক সম্পর্কসংশ্লিষ্ট একটি বিষয়। ঘরোয়া বৈঠকে বসে এর কোনো তাৎক্ষণিক সমাধান বা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমি কিংবা টলিউডের দায়িত্বে থাকা অন্য কেউ ব্যক্তিগতভাবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখি না।’
রুদ্রনীল আরো জানান, বিষয়টি ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কের সঙ্গে জড়িত। তাই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ভারতের কেন্দ্রীয় সরকারের।
তবে টেকনিশিয়ানদের উদ্বেগ ও দাবির বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দেন।
পিআর/টিকে