কোন সিনেমা ভাগ্য বদলে দিয়েছিল অনুপমের?
ছবি: সংগৃহীত
০৬:৪২ পিএম | ২২ মে, ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খের। নিজের অভিনয় শৈলী দিয়ে বহু আগে থেকেই জয় করেছেন দর্শক হৃদয়। তবে ক্যারিয়ারের শুরুতে বলিউডে তার চলার পথ মোটেই মসৃণ ছিল না। কিন্তু বি-টাউনে অনুপমের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল মহেশ ভাট পরিচালিত ‘সারাংশ’ সিনেমা।
যদিও এই সিনেমার থেকে অনুপমকে বাদ দিতে চেয়েছিলেন ছবিটির নির্মাতা মহেশ ভাট। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন অভিনেতা নিজেই।
প্রকাশিত সেই সাক্ষাৎকারে অনুপম জানান, ১৯৮৪ সালের কালজয়ী ‘সারাংশ’ ছবিটির শুটিং শুরুর ঠিক আগমুহূর্তে তাকে বাদ দিতে চেয়েছিলেন মহেশ ভাট। আর তাতেই চরম হতাশা ও রাগে পরিচালকের ওপর ফেটে পড়েছিলেন তিনি। মহেশ ভাট পরিচালিত ‘সারাংশ’ ছিল অনুপম খেরের ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র।
এই ছবিতে একজন বৃদ্ধ মানুষের চরিত্রে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে দীর্ঘ ছয় মাস ধরে কঠোর প্রস্তুতি নিয়েছিলেন অনুপম। বয়স্ক মানুষের মতো হাঁটাচলা, বাচনভঙ্গি, এমনকি লাঠি হাতে অনুশীলনেও কোনো কমতি রাখেননি তিনি। কিন্তু সব প্রস্তুতি যখন শেষ, ঠিক শুটিং শুরুর মাত্র কয়েক দিন আগে আকাশ ভেঙে পড়ে অভিনেতার মাথায়।

তিনি জানতে পারেন, তাকে বাদ দিয়ে সেই চরিত্রে নেওয়া হচ্ছে তৎকালীন জনপ্রিয় অভিনেতা সঞ্জীব কুমারকে। এই আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত খবরে মানসিকভাবে ভেঙে পড়েন অনুপম। এমনকি বি-টাউন ছেড়ে চিরতরে চলে যাওয়ার সিদ্ধান্তও নিয়ে নেন তিনি। তবে শহর ছাড়ার আগে মনের ভেতর জমে থাকা সব ক্ষোভ উগরে দিতে সোজা হাজির হন মহেশ ভাটের বাড়িতে।
সেদিন সামনাসামনি মহেশ ভাটকে তীব্র কটাক্ষ করে অনুপম বলেছিলেন, পর্দায় সত্যতা নিয়ে সিনেমা বানালেও মহেশের নিজের চরিত্রের ভেতর বিন্দুমাত্র সত্যতা বা সততা নেই। তিনি মহেশ ভাটকে ‘প্রতারক’ বলতেও দ্বিধা করেননি।
তার এই চরম প্রতিবাদের ভাষা আর সততাই শেষ পর্যন্ত পাশার দান উল্টে দিয়েছিল। অনুপমের মুখের ওপর দেওয়া সেই বক্তব্য ছুঁয়ে গিয়েছিল পরিচালককে। এরপর মহেশ ভাট নিজেই প্রযোজকদের জানিয়ে দেন, এই চরিত্রে অনুপম খের ছাড়া আর কেউ অভিনয় করবেন না।
প্রসঙ্গত, বর্তমানে অনুপম ব্যস্ত সময় পার করছেন ‘খোসলা কা ঘোসলা ২’ সিনেমার নিয়ে। এ ছবিতে অনুপমের পাশাপাশি অভিনয় করছেন বোমান ইরানি, বিজেন্দ্র কালা, তারা শর্মাসহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে চলচ্চিত্রটি মুক্তি পাবে চলতি বছরের ২৮ আগস্ট।
পিআর/টিকে