© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাইকেল জ্যাকসনকে ঘৃণা করেন, কেন বললেন রামগোপাল?

শেয়ার করুন:
মাইকেল জ্যাকসনকে ঘৃণা করেন, কেন বললেন রামগোপাল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২১ পিএম | ২২ মে, ২০২৬
প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে নিয়ে আবেগঘন মন্তব্য করে নতুন করে আলোচনায় এলেন পরিচালক রামগোপাল বর্মা। সম্প্রতি মুক্তি পাওয়া জীবনীচিত্র ‘মাইকেল’ ঘিরে যখন বিশ্বজুড়ে আলোচনা চলছে, ঠিক তখনই সমাজমাধ্যমে এক বিস্ময়কর মন্তব্য করেন তিনি। রামগোপাল লেখেন, “আমি মাইকেল জ্যাকসনকে ঘৃণা করি।” আর এই একটি বাক্য ঘিরেই শুরু হয় তুমুল চর্চা।

তবে সেই মন্তব্যের পেছনে ছিল গভীর আবেগ আর অপার ভালোবাসা। পরে নিজের বক্তব্যের ব্যাখ্যায় পরিচালক জানান, তিনি মাইকেল জ্যাকসনকে ঘৃণা করেন এই কারণে যে, পপ সম্রাট এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। ২০০৯ সালে মাইকেলের মৃত্যুসংবাদ তাঁকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল বলেও জানান তিনি।



স্মৃতিচারণ করতে গিয়ে রামগোপাল বলেন, ২০০৯ সালের ২৫ জুন সকালে ঘুম থেকে উঠে টেলিভিশনের পর্দায় প্রথম তিনি দেখেন, মাইকেল জ্যাকসন আর নেই। প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি। মনে হয়েছিল এটি হয়তো কোনো ভুল খবর বা দুঃস্বপ্ন। কিন্তু সব সংবাদমাধ্যমে একই খবর দেখে বাস্তবটা মেনে নিতে বাধ্য হন।

নিজের তরুণ বয়সের স্মৃতিও তুলে ধরেন পরিচালক। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় প্রথমবার মাইকেল জ্যাকসনের বিখ্যাত গান ‘থ্রিলার’ শুনেছিলেন তিনি। সেই অভিজ্ঞতা তাঁর কাছে ছিল একেবারেই অন্যরকম। রামগোপালের ভাষায়, সেটি শুধু গান বা নাচ ছিল না, যেন এক অলৌকিক অনুভূতি। মাইকেলের উপস্থিতি, চলাফেরা ও নাচ তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল।

তিনি জানান, আজও কোনো সংগীতনির্ভর দৃশ্য বা চিত্র নির্মাণ করতে গেলে তাঁর মনে পড়ে যায় মাইকেল জ্যাকসনের কথা। কারণ, মাইকেল শুধু একজন শিল্পী ছিলেন না, বরং সৃজনশীলতার এক অনন্য প্রতীক ছিলেন তাঁর কাছে।

পোস্টের শেষদিকে আরও আবেগপ্রবণ হয়ে পরিচালক লেখেন, মাইকেল জ্যাকসন তাঁকে বুঝিয়ে দিয়েছিলেন যে, এত বড় কিংবদন্তিও আসলে মানুষ। তাঁরও হৃদস্পন্দন থেমে যেতে পারে। তবে পৃথিবী ছেড়ে চলে গেলেও মাইকেলের সৃষ্টি ও বিস্ময় আজও তাঁর হৃদয়ে বেঁচে আছে।

রামগোপালের এই আবেগঘন লেখা ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, এটি আসলে এক ভক্তের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ, যেখানে ঘৃণার আড়ালে লুকিয়ে আছে হারিয়ে ফেলার কষ্ট।

পিআর/টিকে

মন্তব্য করুন