© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাশ্মীরের সরকারি স্কুলে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন অক্ষয় কুমার

শেয়ার করুন:
কাশ্মীরের সরকারি স্কুলে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন অক্ষয় কুমার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৩ পিএম | ২২ মে, ২০২৬
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের উদারতার গল্প নতুন নয়। বিভিন্ন সময় সমাজসেবামূলক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

এবার জম্মু ও কাশ্মীরের এক প্রত্যন্ত সীমান্ত এলাকার সরকারি স্কুলের জন্য এক কোটি টাকা অনুদান দিয়ে ফের প্রশংসায় ভাসছেন এই অভিনেতা।

জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ উপত্যকার নেরো তুলাইল নামের সীমান্তবর্তী গ্রামে অবস্থিত একটি সরকারি স্কুলের উন্নয়নে এই অনুদান দিয়েছেন অক্ষয়। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সংকটে থাকা স্কুলটির নতুন ভবন নির্মাণ করা হয়েছে তাঁর দেওয়া অর্থে।



টনার শুরু ২০২১ সালে। সে সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিএসএফ সদস্যদের সঙ্গে দেখা করতে কাশ্মীরে গিয়েছিলেন অক্ষয় কুমার। সেই সফরেই উত্তর কাশ্মীরের নেরো গ্রামে যান তিনি। সেখানে গিয়ে স্কুলটির বেহাল অবস্থা, শিক্ষার্থীদের কষ্ট এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা। তখনই তিনি স্কুলটির জন্য এক কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন।

পাঁচ বছর পর নিজের সেই প্রতিশ্রুতি পূরণ করলেন অক্ষয়। তাঁর অনুদানে নির্মিত নতুন ভবনের নাম রাখা হয়েছে ‘শ্রী হরি ওম ভাটিয়া এডুকেশন ব্লক’। অভিনেতার প্রয়াত বাবা হরি ওম ভাটিয়ার স্মৃতিতে এই নামকরণ করা হয়েছে।

নতুন ভবনে আধুনিক শ্রেণিকক্ষের পাশাপাশি তৈরি করা হয়েছে কম্পিউটার গবেষণাগার, পাঠাগার এবং শিক্ষকদের জন্য আলাদা অফিস কক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রকল্পের ব্যবস্থাও উন্নত করা হয়েছে। স্থানীয়দের মতে, এই উদ্যোগ স্কুলটির শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আনবে।

অক্ষয়ের এই উদ্যোগ ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রশংসিত হচ্ছে। অনেকেই বলছেন, শুধু পর্দার নায়ক নন, বাস্তব জীবনেও মানুষের পাশে দাঁড়িয়ে নিজের দায়িত্ব পালন করে চলেছেন এই অভিনেতা।

পিআর/টিকে

মন্তব্য করুন