‘লাস্ট স্টোরিজ ৩’-এর জন্য নিজেই অডিশন দেন রাধিকা
ছবি: সংগৃহীত
০৮:২৭ পিএম | ২২ মে, ২০২৬
চলতি বছরটা দারুণভাবেই শুরু করেছেন অভিনেত্রী রাধিকা মদন। তাঁর অভিনীত ‘সুবেদার’ ছবিতে অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে। এমনকি পরিচালক হনসল মেহতাও প্রকাশ্যে রাধিকার অভিনয়ের প্রশংসা করেছিলেন। এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী। জনপ্রিয় অ্যান্থলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ ৩’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।
এই অ্যান্থলজির একটি অংশ পরিচালনা করছেন নির্মাতা শাকুন বাত্রা। সেখানে রাধিকার বিপরীতে অভিনয় করছেন আলি ফজ়ল। তবে এই কাজটি তাঁর কাছে সহজভাবে আসেনি বলেই জানিয়েছেন অভিনেত্রী। বরং চরিত্রটির জন্য নিজেই বারবার অডিশনের সুযোগ চেয়েছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা জানান, শাকুন বাত্রার কাজের তিনি দীর্ঘদিনের অনুরাগী। সেই কারণেই তাঁর পরিচালনায় কাজ করার ইচ্ছা ছিল প্রবল। অভিনেত্রীর কথায়, চরিত্রটি পাওয়ার জন্য তিনি নিজে থেকেই যোগাযোগ করেছিলেন এবং একাধিকবার অডিশনের সুযোগ চেয়েছিলেন। পরে সেই সুযোগ মেলে।
রাধিকা মনে করেন, বর্তমান সময়ে প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। একটি কাজ খারাপ হলে পরবর্তী সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই প্রতিটি চরিত্রের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন তিনি। অভিনেত্রীর ভাষায়, কোনো চরিত্রই তাঁর কাছে ছোট নয়। প্রতিটি কাজ তিনি সমান গুরুত্ব দিয়ে করেন।
অডিশনে বাদ পড়ার অভিজ্ঞতাও নতুন নয় তাঁর কাছে। তবে তা নিয়ে হতাশ হয়ে বসে থাকেন না রাধিকা। নিজের সর্বোচ্চটা দেওয়ার পর বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দেন। আবার নতুন করে চেষ্টা করতেও পিছপা হন না।
এদিকে ‘লাস্ট স্টোরিজ ৩’ ঘিরে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। চারটি আলাদা প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে এই অ্যান্থলজি। জানা গেছে, এবারের সিরিজে রাধিকা মদনের পাশাপাশি দেখা যেতে পারে রাধিকা আপ্তে, বিজয় বর্মা, কঙ্কনা সেনশর্মা, সিদ্ধার্থ এবং অদিতি রাও হায়দরিকে। পরিচালনার দায়িত্বে থাকছেন বিক্রমাদিত্য মোটওয়ানে, কিরণ রাও এবং বিশাল ভরদ্বাজের মতো নির্মাতারাও।
সব মিলিয়ে ‘লাস্ট স্টোরিজ ৩’ নিয়ে এখন থেকেই বলিউডে শুরু হয়েছে জোর চর্চা। আর সেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রাধিকা মদনও।
পিআর/টিকে