এবার গুজরাটি ইন্ডাস্ট্রিতে পা রাখল করণের ‘ধর্মা প্রোডাকশনস’
ছবি: সংগৃহীত
০৯:৩৩ পিএম | ২২ মে, ২০২৬
ভারতের আঞ্চলিক চলচ্চিত্রের বাজার যে দ্রুত বিস্তৃত হচ্ছে, তার আরও একটি বড় প্রমাণ মিলল এবার। বলিউডের জনপ্রিয় প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনস প্রথমবারের মতো গুজরাটি চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছে। করণ জোহরের এই সংস্থা তাদের প্রথম গুজরাটি ছবি ‘জিন্দেগি ওয়ান্স মোর’-এর আনুষ্ঠানিক ঘোষণা করেছে।
পারিবারিক আবেগ ও সম্পর্কের গল্প নিয়ে তৈরি এই ছবির কেন্দ্রে রয়েছে এক বাবা ও ছেলের টানাপোড়েনের সম্পর্ক। গল্পে তুলে ধরা হয়েছে এমন এক বাস্তবতা, যেখানে সন্তানরা অনেক সময়ই জানতে পারে না, তাঁদের জন্মের আগে তাঁদের বাবার জীবন কেমন ছিল বা তিনি কেমন মানুষ ছিলেন।
ছবিটিতে অভিনয় করছেন জনপ্রিয় গুজরাটি অভিনেতা সিদ্ধার্থ রানেরিয়া। তাঁর সঙ্গে দেখা যাবে একঝাঁক নতুন মুখকেও। নবাগত পরিচালক জয়মিন পরিচালনা করছেন ছবিটি। চিত্রনাট্য লিখেছেন দীপ ঢোলাকিয়া, আর এই ছবির মাধ্যমেই অভিনেতা হিসেবেও আত্মপ্রকাশ করছেন তিনি। তাঁর বিপরীতে অভিনয় করছেন নবাগতা জাহানভি ধাকান। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন প্রবীণ অভিনেত্রী আরতি প্যাটেল।
‘জ়িন্দেগি ওয়ান্স মোর’ তৈরি হচ্ছে ‘বার্তাকার ফিল্মস’-এর সঙ্গে যৌথ উদ্যোগে। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভাসু ঢোলাকিয়া এবং পরিবেশনার দায়িত্ব সামলাবে ধর্মা প্রোডাকশনস। আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

ধর্মা প্রোডাকশনসের প্রধান নির্বাহী অপূর্ব মেহতা জানিয়েছেন, বিভিন্ন ভাষার গল্পকে বড় পরিসরে তুলে ধরাই এখন তাঁদের অন্যতম লক্ষ্য। তাঁর কথায়, ভালো গল্পের কোনো ভাষাগত সীমাবদ্ধতা নেই। আর সেই বিশ্বাস থেকেই গুজরাটি চলচ্চিত্রে এই নতুন যাত্রা শুরু করেছে ধর্মা।
অন্যদিকে প্রযোজক ভাসু ঢোলাকিয়া মনে করছেন, করণ জোহরের মতো বড় প্রযোজনা সংস্থার গুজরাটি চলচ্চিত্রে আগমন পুরো ইন্ডাস্ট্রির জন্যই বড় স্বীকৃতি। তাঁর মতে, এটি প্রমাণ করে আঞ্চলিক চলচ্চিত্র এখন শুধু স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং জাতীয় স্তরেও গ্রহণযোগ্যতা বাড়ছে।
সব মিলিয়ে ‘জ়িন্দেগি ওয়ান্স মোর’ এখন গুজরাটি চলচ্চিত্রপ্রেমীদের কাছে অন্যতম আলোচিত প্রকল্প। নতুন মুখ, আবেগঘন গল্প এবং বড় প্রযোজনা সংস্থার হাত ধরে ছবিটি গুজরাটি সিনেমায় নতুন দিগন্ত খুলে দিতে পারে বলেই মনে করছেন অনেকে।
পিআর/টিকে