© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অ্যাওয়ার্ড শো মানেই এখন ব্যবসা: দিব্যেন্দু

শেয়ার করুন:
অ্যাওয়ার্ড শো মানেই এখন ব্যবসা: দিব্যেন্দু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৯ পিএম | ২২ মে, ২০২৬
বলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক রয়েছে। এবার সেই বিতর্কে নতুন করে আগুন জ্বালালেন অভিনেতা দিব্যেন্দু। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সরাসরি বিস্ফোরক মন্তব্য করে অভিনেতা দাবি করেছেন, এখনকার অধিকাংশ অ্যাওয়ার্ড শো আর অভিনয় বা সিনেমার প্রকৃত মূল্যায়নের জায়গা নয়, বরং সেগুলো শুধুই ব্যবসায় পরিণত হয়েছে।

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে দিব্যেন্দু জানান, কেরিয়ারের শুরুতে ‘পেয়ার কা পঞ্চনামা’ ছবির জন্য তিনি সেরা নবাগত অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। তবে সময়ের সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলোর প্রতি তাঁর বিশ্বাস কমে গেছে।



অভিনেতার দাবি, একাধিকবার এমন হয়েছে যখন আয়োজকদের পক্ষ থেকে তাঁকে ফোন করে জানানো হয়েছে, তাঁকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু পরে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বললে সেই পুরস্কার অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। দিব্যেন্দুর কথায়, বিষয়টি তাঁর কাছে অত্যন্ত অদ্ভুত ও হাস্যকর মনে হয়েছে।

তিনি মনে করেন, এই অনুষ্ঠানগুলোর সঙ্গে এখন আর প্রকৃত চলচ্চিত্রচর্চার কোনো সম্পর্ক নেই। বরং সবকিছুই নির্ভর করছে অর্থ ও প্রচারের ওপর। অভিনেতা স্পষ্ট ভাষায় বলেন, বর্তমানে অ্যাওয়ার্ড শো মানেই ব্যবসা। তাই এসব অনুষ্ঠানকে তিনি আর গুরুত্ব দিয়ে দেখেন না।

দিব্যেন্দুর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ফের আলোচনায় উঠে এসেছে বলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। এর আগেও বহু তারকা এই ধরনের অনুষ্ঠানের সমালোচনা করেছেন।

পরিচালক রোহিত শেট্টি একসময় বলেছিলেন, পুরস্কার নিশ্চিত না থাকলে তিনি অ্যাওয়ার্ড শোতে যান না। কারণ তাঁর মতে, অধিকাংশ অনুষ্ঠানই সাজানো। একই অভিযোগ করেছিলেন অভিনেতা অজয় দেবগণও। তাঁর দাবি ছিল, অনুষ্ঠানে কোন তারকা উপস্থিত থাকছেন, তার ওপর নির্ভর করেই নাকি বিজয়ীদের নাম বদলে দেওয়া হয়।

সব মিলিয়ে দিব্যেন্দুর সাম্প্রতিক মন্তব্য ফের একবার বলিউডের চাকচিক্যের আড়ালের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলে দিল। আর সেই মন্তব্য ঘিরেই এখন সরগরম বিনোদন দুনিয়া।

পিআর/টিকে


মন্তব্য করুন