জীবনের কঠিন সময় নিয়ে মুখ খুললেন শানের স্ত্রী রাধিকা!
ছবি: সংগৃহীত
১০:১৯ পিএম | ২২ মে, ২০২৬
গায়ক শানের হাসিমাখা মুখ বরাবরই অনুরাগীদের কাছে ইতিবাচকতার প্রতীক। কিন্তু সেই আলো ঝলমলে জীবনের আড়ালেও যে কঠিন সময় লুকিয়ে থাকতে পারে, তারই এক আবেগঘন অভিজ্ঞতা এবার ভাগ করে নিলেন তাঁর স্ত্রী রাধিকা মুখোপাধ্যায়। সম্প্রতি সমাজমাধ্যমে নিজের মানসিক লড়াই ও অবসাদের সময়ের কথা খোলাখুলি জানিয়েছেন তিনি।
২১ মে ছিল রাধিকার জন্মদিন। বিশেষ এই দিনে একটি আবেগভরা পোস্ট করেন তিনি। সেখানে জানান, গত এক বছর তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে কেটেছে। দীর্ঘ সময় অবসাদে ডুবে ছিলেন তিনি। তবে সেই অন্ধকার সময় থেকে ধীরে ধীরে নিজেকে ফিরে পেয়েছেন বলেও জানান রাধিকা।

সমাজমাধ্যমে একটি শংসাপত্রের ছবিও প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে লেখেন, এ বছরের জন্মদিন তাঁর কাছে একেবারেই আলাদা। কারণ, এখন তিনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সম্পূর্ণ মানুষ বলে মনে করছেন।
রাধিকা স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি কখনও নিজের মানসিক অবস্থার কথা লুকিয়ে রাখেননি। তাঁর কথায়, এটি ছিল জীবনের অন্যতম কঠিন অধ্যায়। তবে তিনি বিশ্বাস রেখেছিলেন যে সুস্থ হওয়া সম্ভব। আর সেই পথচলায় পরিবারের সমর্থনই তাঁকে সবচেয়ে বেশি শক্তি দিয়েছে।
পোস্টে স্বামী শানের কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন রাধিকা। জানিয়েছেন, এই কঠিন সময়ে শান সবসময় তাঁর পাশে ছিলেন। পাশাপাশি সন্তান সোহম ও মাহি, পরিবারের অন্য সদস্য এবং বাবা-মায়ের সমর্থনও তাঁকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করেছে।
গত এক বছরে নিজের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য অনেক চেষ্টা করেছেন রাধিকা। মনোবিদের পরামর্শ নিয়েছেন, নিজের ওপর কাজ করেছেন এবং ধীরে ধীরে নিজেকে আরও আত্মসচেতন ও সুখী করে তুলেছেন। তাঁর মতে, এই পরিবর্তনই ছিল এ বছরের সবচেয়ে বড় উপহার।
রাধিকার এই খোলামেলা স্বীকারোক্তি ইতিমধ্যেই সমাজমাধ্যমে বহু মানুষের মন ছুঁয়ে গেছে। অনেকেই তাঁর সাহসের প্রশংসা করেছেন এবং মানসিক স্বাস্থ্য নিয়ে এমন খোলামেলা আলোচনাকে গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন।
পিআর/টিকে