© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘নারী হয়ে জন্মানোটা পাপ’, কোন ঘটনার কথা বললেন কুনিকা?

শেয়ার করুন:
‘নারী হয়ে জন্মানোটা পাপ’, কোন ঘটনার কথা বললেন কুনিকা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৯ পিএম | ২২ মে, ২০২৬
বলিউড অভিনেত্রী কুনিকা সদানন্দ বরাবরই স্পষ্টভাষী এবং সমাজ-রাজনীতি নিয়ে সরব ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বিভিন্ন ইস্যুতে নিজের মত প্রকাশ করতে কখনও পিছপা হননি তিনি। তবে এবার সমাজমাধ্যমে তাঁকে ঘিরে তৈরি হওয়া কুরুচিকর মন্তব্য ও আক্রমণে গভীরভাবে আহত হয়েছেন অভিনেত্রী। সেই ক্ষোভ থেকেই বিস্ফোরক মন্তব্য করে কুনিকা লিখেছেন, “এই দেশে নারী হয়ে জন্মানোটা পাপ।”

সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয় কুনিকার একটি পুরনো সিনেমার দৃশ্য। সেখানে অভিনেতা অমরিশ পুরির সঙ্গে একটি সুইমিং পুলের রোম্যান্টিক দৃশ্যে দেখা যায় তাঁকে। সেই ভিডিও ঘিরেই শুরু হয় নানা কটাক্ষ ও অশ্লীল মন্তব্য।



একটি পোস্টে কুনিকাকে উদ্দেশ করে লেখা হয়, যিনি প্রতিদিন আদর্শের কথা বলেন এবং দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, তিনিই এমন দৃশ্যে অভিনয় করেছেন। এরপরই অভিনেত্রীকে নিয়ে শুরু হয় একের পর এক অপমানজনক মন্তব্য।

সমাজমাধ্যমের একাংশ কুনিকার পাশে দাঁড়ালেও বহু মানুষ অভিনেত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে থাকেন। কেউ কেউ তাঁর অভিনয় নিয়েও কুরুচিকর মন্তব্য করেন। এমনকি টাকার জন্য তিনি যেকোনো কিছু করতে পারেন বলেও মন্তব্য করা হয়।

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কুনিকা। সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে তিনি লেখেন, দেশে নারীদের প্রতি যেভাবে আচরণ করা হয়, তাতে নারী হয়ে জন্মানোই যেন অপরাধ। তিনি অভিযোগ করেন, নারীদের অপমান, হেনস্থা, সহিংসতা এবং অধিকার থেকে বঞ্চিত করার ঘটনাকে সমাজ এখন স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে।

অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে সমাজমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকেই তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ মনে করছেন, সমাজমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিকর মন্তব্যের প্রবণতা এখন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।

কুনিকার এই অভিজ্ঞতা ফের একবার প্রশ্ন তুলেছে, সমাজমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা আর ব্যক্তিগত আক্রমণের সীমারেখা কোথায়।

পিআর/টিকে

মন্তব্য করুন