© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এ যুগের মেয়েরা ভেড়ার মতো স্বামীর নির্দেশ পালন করবে না: ঋদ্ধি ডোগরা

শেয়ার করুন:
এ যুগের মেয়েরা ভেড়ার মতো স্বামীর নির্দেশ পালন করবে না: ঋদ্ধি ডোগরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৫ পিএম | ২২ মে, ২০২৬
ত্বিশা শর্মা ও দীপিকা নাগরের মৃত্যুর ঘটনা ঘিরে দেশজুড়ে যখন ক্ষোভ ও আলোচনা চলছে, ঠিক সেই সময় বিয়ে এবং সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী ঋদ্ধি ডোগরা। সমাজের প্রচলিত ধারণা, বিবাহিত সম্পর্কের বাস্তবতা এবং বর্তমান প্রজন্মের মানসিকতা নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি।

ঋদ্ধির মতে, এখনও সমাজের একাংশ মনে করে বিয়েই মানুষের জীবনকে সম্পূর্ণ করে। ভালবাসা বা মানসিক মিল না থাকলেও শুধুমাত্র সামাজিক চাপে বহু মানুষ বিয়ের সিদ্ধান্ত নেন। পরে সেই সম্পর্কের বাহ্যিক চাকচিক্য সমাজমাধ্যমে তুলে ধরা হলেও বাস্তবের সমস্যা অনেক সময় আড়ালেই থেকে যায়।



সম্প্রতি এক বক্তব্যে অভিনেত্রী বলেন, “বিয়ে বিষয়টাকে এত বড় করে দেখানো বন্ধ করা উচিত।” তাঁর মতে, গত কয়েক বছরে বিবাহিত জীবনে নারী ও পুরুষ উভয়ের সঙ্গেই একাধিক মর্মান্তিক ঘটনা ঘটেছে। কিন্তু সমাজের পরিবর্তনশীল বাস্তবতা নিয়ে খোলাখুলি আলোচনা খুব কমই হয়।

বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদের উদ্দেশে বিশেষ বার্তাও দিয়েছেন ঋদ্ধি। তাঁর কথায়, আজকের মেয়েরা আর আগের মতো স্বামীর সব কথা নিঃশর্তভাবে মেনে চলবেন না। কারণ, এখন মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারেন এবং নিজের জীবন নিজের মতো করে গড়ে নেওয়ার ক্ষমতা রাখেন।

অভিনেত্রীর মতে, এখন বিয়ে টিকে থাকে শুধুমাত্র ভালবাসা, সম্মান এবং পারস্পরিক বোঝাপড়ার ওপর। শুধুমাত্র সামাজিক বাধ্যবাধকতার কারণে সম্পর্কে থাকা উচিত নয়। তিনি বলেন, বেঁচে থাকার জন্য আজ আর মেয়েদের বিয়ের প্রয়োজন হয় না। বরং জীবনে একজন সঙ্গী পাওয়ার আশাতেই মানুষ বিয়ে করে।

ছেলেদের পাশাপাশি মেয়েদের উদ্দেশেও বার্তা দিয়েছেন ঋদ্ধি। তাঁর মতে, বিয়ের পরেও সবকিছু রূপকথার মতো থাকবে এমন আশা করা উচিত নয়। কারণ বাস্তব জীবনে প্রত্যেক মানুষই অসম্পূর্ণ। তাই সম্পর্কে ভালবাসা ও সম্মানের জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ঋদ্ধির এই মন্তব্য ইতিমধ্যেই সমাজমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়ে বলছেন, বর্তমান সময়ের সম্পর্ক ও বিবাহ নিয়ে এমন বাস্তব কথাগুলো আরও বেশি করে সামনে আসা প্রয়োজন।

উল্লেখ্য, ২০১১ সালে অভিনেতা রাকেশ বাপটকে বিয়ে করেছিলেন ঋদ্ধি ডোগরা। পরে ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

পিআর/টিকে

মন্তব্য করুন