অসুস্থ হয়ে পড়লেন পিয়া সেনগুপ্ত, নিয়ে যাওয়া হলো হাসপাতালে
ছবি: সংগৃহীত
১০:৪৯ পিএম | ২২ মে, ২০২৬
টলিউডের প্রযোজক সংগঠন ইম্পাকে ঘিরে অস্থিরতা ফের চরমে পৌঁছল। শুক্রবারের বৈঠক কার্যত রণক্ষেত্রে পরিণত হয়, আর সেই উত্তেজনার মাঝেই অসুস্থ হয়ে পড়েন সংগঠনের সভাপতি পিয়া সেনগুপ্ত। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে মাঝপথে বৈঠক ছেড়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভোটের ফল ঘোষণার পর থেকেই ইম্পার অন্দরে অসন্তোষ ও দ্বন্দ্ব ক্রমেই বাড়ছিল। একাধিক বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। শুক্রবারের বৈঠকেও সেই উত্তেজনারই পুনরাবৃত্তি ঘটে। সভাপতি পিয়ার পদত্যাগের দাবিকে কেন্দ্র করে শুরু হয় তীব্র বচসা, যা দ্রুতই হাতাহাতির পর্যায়ে পৌঁছায় বলে অভিযোগ।
বৈঠকে উপস্থিত একাংশের দাবি, সংগঠনের সদস্য নন এমন একাধিক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সভায় উপস্থিত হন, যার ফলে পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। পিয়া সেনগুপ্ত অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বাইরের লোকজনকে সভায় ঢোকানো হয়েছে এবং তাঁকে হেনস্থার চেষ্টা করা হয়েছে। এমনকি পুলিশের সামনেই তাঁকে লক্ষ্য করে চাপ তৈরি করা হয় বলেও তাঁর অভিযোগ।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি বৈঠক থেকে বেরিয়ে যান এবং পরে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে টলিউড মহলে।
এরপর পুলিশের উপস্থিতিতেই ফের বৈঠক শুরু হয় বলে জানা যায়। সেখানে ধ্বনি ভোটে অস্থায়ী সভাপতি হিসেবে রতন সাহার নাম প্রস্তাব করা হয়। তবে বর্তমান সভাপতি পিয়া সেনগুপ্ত সেই সিদ্ধান্ত মানতে নারাজ। তাঁর দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়াতেই তিনি নির্বাচিত হয়েছেন, তাই তাঁকে সরাতে হলেও একই নিয়ম মানতে হবে।
পিয়ার আরও অভিযোগ, একটি অংশ সংগঠনের নিয়ম ও আইন মানতে চাইছে না এবং নিজেদের মতো করে নতুন কমিটি গঠনের চেষ্টা চলছে। তিনি জানান, পুরো বিষয়টি তিনি আইনগতভাবে মোকাবিলা করবেন।
অন্যদিকে বিরোধী শিবিরের মুখপাত্র শতদীপ সাহা আগেই দাবি করেছিলেন, প্রথমে পিয়া পদত্যাগে রাজি হলেও পরে তিনি মত বদলান। তাঁদের অভিযোগ, বর্তমান কমিটির বিরুদ্ধে দুর্নীতির একাধিক প্রমাণ রয়েছে, যা শিগগিরই প্রকাশ্যে আনা হবে।
সব মিলিয়ে ইম্পার এই অস্থির পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সেদিকেই তাকিয়ে টলিউড ইন্ডাস্ট্রি।
পিআর/টিকে