© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান

শেয়ার করুন:
চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১২ এএম | ২৩ মে, ২০২৬
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে এই অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

চেক হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনে কর্মরত ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে এই অর্থ বণ্টন করা হবে।আসন্ন ঈদ উপলক্ষে প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মী ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট অন্যান্য সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতেও অনুদানের চেক তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, 'নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। পবিত্র ঈদের আগে এই আর্থিক সহায়তা তাদের মাঝে উৎসবের আনন্দ বাড়িয়ে দেবে এবং কাজের ক্ষেত্রে বড় উৎসাহ ও প্রেরণা জোগাবে।'

মেয়র আরও জানান, বর্তমান সরকার পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রী তাদের জন্য আধুনিক আবাসিক ভবন নির্মাণ করে দিচ্ছেন। এই উদ্যোগ ও সহযোগিতা চট্টগ্রাম শহরকে একটি গ্রিন ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, 'আমাদের পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস শ্রমের মূল্যায়ন ও সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী এই অনুদান দিয়েছেন। এর আগে গত ঈদুল ফিতর উপলক্ষেও তিনি একইভাবে পরিচ্ছন্নতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান করেছিলেন।'

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

এমআর/টিএ  

মন্তব্য করুন