© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তেহরানে পৌঁছেছেন আসিম মুনির

শেয়ার করুন:
তেহরানে পৌঁছেছেন আসিম মুনির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫১ এএম | ২৩ মে, ২০২৬
আজ ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (আইএসএনএ) এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে অবস্থানকালে পাকিস্তানি সেনাপ্রধান ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

সাম্প্রতিক সময়ে আঞ্চলিক নিরাপত্তা, ভূ-রাজনীতি এবং প্রতিবেশী দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যখন একটি যুদ্ধবিরতি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের খসড়া চুক্তি ঘোষণার কাউন্টডাউন চলছে, ঠিক সেই মুহূর্তে পাকিস্তানি সেনাপ্রধানের এই তেহরান সফরকে চুক্তিটি চূড়ান্ত রূপ দেওয়ার শেষ ধাপ হিসেবে-ই দেখছে আন্তর্জাতিক মহল।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিয়ে একের পর এক হুমকি দিচ্ছে দেশটির বিভিন্ন পর্যায়ের নেতা ও কমান্ডাররা। বিশেষকরে, ইরানের এক শীর্ষ ধর্মীয় নেতা বাজুকা (বহনযোগ্য রিকয়েললেস অ্যান্টি-ট্যাংক রকেট লঞ্চার অস্ত্র) হাতে নিয়ে সতর্ক করে বলেছেন, দেশটির বিরুদ্ধে শত্রুপক্ষ কোনো 'কৌশলগত ভুল' করলে তেলআবিবসহ পারস্য উপসাগরীয় কয়েকটি রাজধানী ধ্বংস করে দেয়া হবে।

খুজেস্তান প্রদেশের আহভাজ শহরের জুমার খতিব মোহাম্মদ নবী মুসাভিফার্দ বলেন, প্রয়োজন হলে ইরান তেলআবিবের পাশাপাশি সৌদি আরবের রাজধানী রিয়াদ, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, কুয়েত সিটি এবং বাহরাইনের মানামাকেও লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

অন্যদিকে, যেকোনো পরিস্থিতির জন্য ইরানের সশস্ত্র বাহিনী এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী কমান্ডার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজে বলা হয়, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ রাসুলুল্লাহ সতর্ক করে বলেন, শত্রুপক্ষ যদি কোনো ধরনের ভুল পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তবে এবার ইরানের সশস্ত্র বাহিনী আগের চেয়েও অনেক বেশি জোরালো এবং কঠোর জবাব দেবে।

এমআর/টিএ  

মন্তব্য করুন